২৪ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
নাফ নদী ও স্থলপথ দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ২৪ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত দিয়ে নৌকায় করে ১৭ জন ও স্থলপথে উখিয়া সীমান্ত দিয়ে ৭ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে পড়ে। পরে তারা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, গতকাল সকালে বালুখালী সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তিন শিশু, তিন নারী, এক পুরুষসহ সাতজন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়।
এদিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, গতকাল সকালে নাফ নদী অতিক্রম করে টেকনাফের হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে একটি নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা চালায় রোহিঙ্গারা। নৌকাটিতে ৮ শিশু, ৫ নারী ও ৪ জন পুরুষ ছিলেন। ১৭ জনকেই মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর সহিংস অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে।