২৪ লাখ ৭০ হাজার দরিদ্র পরিবার ফেয়ার প্রাইস কার্ড পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র জনসাধারণের জন্য ন্যায্যমূল্যে চাল কেনা নিশ্চিত করতে সারা দেশে ২৪ লাখ ৭০ হাজার ‘ফেয়ার প্রাইস কার্ড’ দেওয়া হবে। বিভিন্ন এলাকায় তুলনামূলক অধিক দরিদ্র পরিবারগুলোকে এ কার্ড দেওয়া হবে। এ কার্ড দেখিয়ে সরকার-নির্ধারিত দামে মাসে ২০ কেজি করে চাল কেনা যাবে। বর্তমানে খোলাবাজারে (ওএমএস) এ চালের প্রতি কেজির দাম ২২ টাকা। ঢাকায় খোলাবাজারে চাল বিক্রির কর্মসূচি চলছে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, নারায়ণচন্দ্র চন্দ, জাফর আলী, মোজাহার আলী প্রধান ও মো. আকরাম হোসেন চৌধুরী অংশ নেন।সূত্র জানায়, ফেয়ার প্রাইস কার্ড চালুর এ কর্মসূচিতে ঢাকার ৯০টি ওয়ার্ড ও ঢাকা সিটি করপোরেশন-সংলগ্ন ২৫টি ইউনিয়নে ১০ হাজার করে মোট ১১ লাখ ৫০ হাজার, ছয়টি বিভাগীয় শহরে প্রতি ওয়ার্ডে পাঁচ হাজার করে গড়ে ২৫টি ওয়ার্ড হিসেবে সাত লাখ ৫০ হাজার এবং অবশিষ্ট ৫৭টি জেলা শহরের প্রতিটি ওয়ার্ডে ১০ হাজার করে গড়ে ২০টি ওয়ার্ড হিসেবে মোট পাঁচ লাখ ৭০ হাজার দরিদ্র পরিবারকে ফেয়ার প্রাইস কার্ড দেওয়া হবে।সভায় জানানো হয়, চালমিলের মালিক ও বড় চাল ব্যবসায়ীদের মজুদদারির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, দরিদ্র মানুষকে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় চাল দেওয়ার জন্যই মূলত এ কার্ড পদ্ধতি চালু করা হচ্ছে।