২৪ শিক্ষার্থীকে বেত্রাঘাতের ঘটনায় একজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধারের পর মীমাংসার নামে সালিস বৈঠকে ২৪ শিশু-কিশোরকে বেত্রাঘাতের ঘটনায় গ্রাম্য মাতবর মো. হাসানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন।

পুলিশ জানায়, সালিস বৈঠকে বেত্রাঘাতের ঘটনায় গত শুক্রবার পুলিশ তিন সালিসকারীকে গ্রেপ্তার করে। তাঁরা করাগারে রয়েছেন। গত শনিবার মো. হাসান নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তাঁর চার দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মুন্সিগঞ্জ মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন তার বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে যায়। তখন আরাফাত নিখোঁজ হয়। ১৮ সেপ্টেম্বর সিরাজদিখান উপজেলার দোসপাড়া এলাকায় ইছামতির শাখা নদী থেকে আরাফাতের লাশ উদ্ধার করা হয়। পরদিন সিরাজদিখান থানায় আরাফাতের বন্ধুদের বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগ দায়ের করেন তার চাচা। পুলিশ অভিযোগটি অপমৃত্যু হিসেবে গ্রহণ করে। এদিকে ঘটনাটি মীমাংসার জন্য আরাফাতের ২৪ বন্ধুর পরিবার ইউপি চেয়ারম্যান ও মাতবরদের অনুরোধ করে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে সালিসকারীরা পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ি মসজিদ প্রাঙ্গণে বৈঠকে বসেন। এ সময় পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা উপস্থিত ছিলেন। সালিসকারীরা ২৪ শিক্ষার্থীর প্রত্যেককে ২৫টি করে বেত্রাঘাত ও ৫০ হাজার করে মোট ১২ লাখ টাকা জরিমানা করেন। রায় অনুসারে বেত্রাঘাত করার পর কয়েকজন গুরুতর আহত হয়। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বেত্রাঘাতে আহত সবুজের বাবা আলাউদ্দিন বাদী হয়ে পরদিন শুক্রবার পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফাসহ ২৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

আরাফাতের ভাই মো. সিফাত বলেন, সালিসকারীদের সিদ্ধান্ত তাঁরা মানেননি। আদালতে আইনের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার মুঠোফোনে গতকাল রোববার একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ ভূঁইয়া বলেন, সালিসকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।