২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পাকিস্তানি জঙ্গিনেতা আবদুল মজিদ বাটের স্ত্রী নাহিদ লাইলাকে জেরা করতে অস্বীকৃতি (ডিক্লাইন) জানিয়েছেন তারেক রহমানসহ পাঁচ আসামির আইনজীবীরা।
গত রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন নাহিদ লাইলা। গতকাল সোমবার তাঁকে আসামিপক্ষে জেরার দিন ধার্য ছিল।
গতকাল মজিদ বাটের আইনজীবী মো. পারভেজ মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করেন। তিনি বলেন, আইন অনুযায়ী নাহিদ লাইলা স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন না। ওই সাক্ষ্যের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আবেদন করবেন।
রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, নাহিদ লাইলা স্বেচ্ছায় আদালতে সাক্ষ্য দিয়েছেন, তাঁকে বাধ্য করা হয়নি। এ ধরনের আবেদনের যুক্তি নেই। শুনানি শেষে আদালত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি।