২৪ সোনার বার নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডাকাতির মামলায় জব্দ করা কোটি টাকা মূল্যের ২৪টি সোনার বার সিআইডির প্রতিবেদনের ভিত্তিতে এক গয়না কারিগরের জিম্মায় দিতে আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আবার আরেকটি আদালতে পুলিশ এসব সোনার বার চোরাচালানের মাধ্যমে আনার অভিযোগে ওই কারিগরের বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছে। এসব সোনার বারের প্রকৃত মালিক কে, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে।
প্রথম মামলাটি সিআইডি এবং দ্বিতীয় মামলাটি তদন্ত করেছে থানার পুলিশ। ওই কারিগর সোনার বার ডাকাতির মামলার বাদী এবং চোরাচালান মামলার মূল আসামি। তবে সিআইডি সোনার বারগুলো কারিগরের জিম্মায় দিতে আদালতে প্রতিবেদন দিলেও এখন অবস্থান পাল্টেছে।
ছিনতাই হওয়া এসব সোনার বার প্রায় আট মাস আগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শকের শোয়ার ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।
ঘটনার শুরু এ বছরের ১ জানুয়ারি বিকেলে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সোনার গয়না তৈরির দোকানের এক কর্মচারীর কাছ থেকে ২৮টি সোনার বার ছিনিয়ে নেন ডিবির এসআই আবুল হোসেনসহ ছয়জন। ওই রাতেই বিষয়টি পুলিশকে জানান সোনার গয়না তৈরির ওই দোকানের কারিগর নারায়ণ কর্মকার। এসব সোনার বার তিনি নিজের বলে দাবি করেন। এরপর ৩ জানুয়ারি রাতে এসআই আবুল হোসেনের (বর্তমানে সাময়িক বরখাস্ত) খুলশীর বাসা থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ। একে একে গ্রেপ্তার হন এসআইয়ের সহযোগী বাকি পাঁচজনও।
গত ৩ জানুয়ারি চট্টগ্রামের কোতোয়ালি থানায় নারায়ণ কর্মকার বাদী হয়ে এসআইসহ ছয়জনের বিরুদ্ধে ডাকাতির মামলা করেন। এজাহারে ডাকাতি হওয়া সোনার বারগুলো দুবাই থেকে আমদানি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কিন্তু সোনার বার আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরদিন নারায়ণ কর্মকার ও দোকান কর্মচারী সজল চৌধুরীকে আটক করে পুলিশ। ৪ জানুয়ারি নারায়ণ কর্মকার, তাঁর বড় ভাই কৃষ্ণ কর্মকার এবং সজল চৌধুরীর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। কৃষ্ণ কর্মকার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এরপর ২৫ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার উপপরিদর্শক জহির হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন।

তবে ডাকাতির মামলার বাদী নারায়ণ কর্মকার প্রথম আলোর কাছে দাবি করেন, সোনার বারগুলো দুবাই থেকে আসা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিনেছেন। তাঁর কাছে বৈধ কাগজপত্র রয়েছে। কারিগর হয়েও কোটি টাকা দিয়ে বারগুলো কেনার বিষয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাকে টাকা দিয়েছেন।’ তাঁর অভিযোগ, সোনার বার ডাকাতির ঘটনায় পুলিশকে আসামি করায় তাঁকে ফাঁসানো হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে ডাকাতি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ও চোরাচালান মামলার বাদী কোতোয়ালি থানার সাবেক উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ডাকাতি হওয়া সোনার বারগুলো উদ্ধার করে পুলিশসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এসব সোনার বার আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারার কারণেই চোরাচালান আইনে মামলা করা হয়েছে।

কোতোয়ালি থানা সূত্র জানায়, গত এপ্রিল মাসে ডাকাতির মামলাটি কোতোয়ালি থানা থেকে সিআইডিতে তদন্তের জন্য পাঠানো হয়। চোরাচালান মামলায় গত মে মাসে নারায়ণ কর্মকার জামিনে মুক্ত হন। এরপর গত ৮ জুলাই ডাকাতি মামলায় উদ্ধার হওয়া সোনার বারগুলো তাঁর জিম্মায় নিতে আদালতে আবেদন করেন। চট্টগ্রাম মহানগর হাকিমের আদালত ওই দিনই সোনার বারের মালিকানা যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের উপপরিদর্শক শ্যামল কুমার বিশ্বাসকে নির্দেশ দেন। ১১ জুলাই তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দেন। এতে তিনি উল্লেখ করেন, সোনার বারের বৈধ মালিক নারায়ণ কর্মকার। বারগুলো তাঁর জিম্মায় দেওয়া যেতে পারে। প্রতিবেদন পাওয়ার পর আদালত চারটি সোনার বার আলামত হিসেবে রেখে বাকি ২০টি বার একজন মহানগর হাকিমের উপস্থিতিতে নারায়ণ কর্মকারের জিম্মায় দিতে নির্দেশ দেন।

আদালতের এই আদেশের পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন ১০ আগস্ট সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কাছে চিঠি দেন। এতে তিনি উল্লেখ করেন, নারায়ণ কর্মকার ২৮টি সোনার বার আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এই মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়েছে আদালতে। চিঠিতে বলা হয়, ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলার আলামত একই। সোনার বার নারায়ণ কর্মকারের জিম্মায় গেলে বিশেষ ক্ষমতা আইনের মামলার (চোরাচালান) বিচারকাজে সমস্যা হতে পারে।

কোতোয়ালি থানার পুলিশের এই চিঠির পর নড়েচড়ে বসে সিআইডিও। তদন্ত কর্মকর্তা শ্যামল বিশ্বাসকে পরিবর্তন করে সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় সিআইডি।

>চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছিনতাই হওয়া এসব সোনার বার প্রায় আট মাস আগে ডিবির এক উপপরিদর্শকের শোয়ার ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়

২০ আগস্ট ডাকাতির মামলায় সিআইডির তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে ২৪টি সোনার বার বাদীর (নারায়ণ কর্মকার) জিম্মায় দেওয়ার আদেশ বাতিলের আবেদন করেন।

জানতে চাইলে তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির সরকার বলেন, ডাকাতি মামলার বাদী যেসব কাগজপত্র দাখিল করেছেন, তাতে তিনি বৈধভাবে সোনাগুলো আমদানি করেছেন এটি স্পষ্ট নয়। ন্যায়বিচারের স্বার্থে সোনার বারগুলো বাদীর জিম্মায় না দিতে আদেশটি বাতিল করতে আদালতে আবেদন করা হয়েছে। তাহলে আগের তদন্ত কর্মকর্তা কেন ওই প্রতিবেদন দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ওই কর্মকর্তাকে বদলি করে ঢাকায় পাঠানো হয়েছে, তার কাছে কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তবে সিআইডির উপপরিদর্শক শ্যামল কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সোনার বারগুলো বাদী দুবাই থেকে আমদানি করেছেন এমন কাগজপত্র উপস্থাপন করেন তাঁর কাছে। এগুলো যাচাই-বাছাই করে সঠিক বলে মনে হয়েছে।’

এদিকে ২৫ আগস্ট চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে সোনার বারগুলো বাদী নারায়ণ কর্মকারের জিম্মায় দেওয়ার আদেশ স্থগিত রাখার জন্য আবেদন করেন মহানগর কোর্ট পরিদর্শক শিল্পী রানী দেবনাথ। তিনি প্রথম আলোকে বলেন, চোরাচালান মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন থাকার পরও হাকিম আদালতে বিষয়টি গোপন রাখেন সিআইডির প্রথম তদন্ত কর্মকর্তা।

 চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সোনার বার নারায়ণের জিম্মায় না দিতে সিআইডি ও পুলিশের আবেদনের বিষয়ে আগামী মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে শুনানি হবে।

চোরাচালান মামলায় অভিযোগপত্র দাখিল করা কোতোয়ালি থানার সাবেক এসআই মো. জহির হোসেনও জানান, মালিকানার বৈধ কোনো কাগজপত্র দিতে না পারায় ডাকাতি মামলার বাদীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে থানার একটি সোনা চোরাচালানের মামলায় গ্রেপ্তার এক স্বর্ণের কারিগরের আদালতে দেওয়া জবানবন্দিতেও আসামিরা সোনা চোরাচালানে জড়িত বলে স্বীকারোক্তি রয়েছে।

সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে। আর দুটি মামলায় গ্রেপ্তার আট আসামির সবাই জামিনে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।