ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে প্রতিটি গ্রামসহ সারা দেশে বিদ্যুৎসুবিধা পৌঁছে দেওয়া হবে। এ জন্য সরকার ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।জাতীয় সংসদে গতকাল রোববার জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক। গতকাল বেলা ১১টা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে এ খাতের সার্বিক ও সুষম উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি ২০১৬ সালের মধ্যে তরল জ্বালানি, কয়লা, দ্বৈত জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে উৎপাদিত ১৫ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ও আধাসরকারি সংস্থার কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চলতি মাসসহ বিদ্যুৎ বিল বাবদ ১২৬ কোটি টাকা বকেয়া রয়েছে। গ্যাসের মজুদ ১০ দশমিক ৮ ট্রিলিয়ন ঘনফুট: মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে প্রায় ১০ দশমিক ৮ ট্রিলিয়ন ঘনফুট। বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক দুই হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি। এর বিপরীতে সর্বোচ্চ দুই হাজার ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে। সে হিসাবে দৈনিক গ্যাস সরবরাহে ঘাটতি প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। তিনি জানান, নতুন কূপ খনন ও বিদ্যমান কূপের ওয়ার্কওভার সম্পন্ন করে ২০১৫ সালের মধ্যে গ্যাসের উৎপাদন দৈনিক দুই হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট করার কাজ চলছে।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এযাবৎ ২৩টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে পাঁচটি কয়লাক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। অপু উকিলের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে ২৯টি জেলা গ্যাস সরবরাহ নেটওয়ার্কের আওতায় রয়েছে।জাতীয় পার্টির এম এ জব্বারের প্রশ্নের জবাবে এনামুল হক জানান, জ্বালানি তেলের মজুদ বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১০টি প্রকল্প হাতে নিয়েছে।অলাভজনক কারখানা বেসরকারি খাতে যাবে: জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, যেসব সরকারি কলকারখানা অলাভজনক এবং কোনো অবস্থাতেই লাভজনক করা সম্ভব হবে না, সেগুলো বেসরকারি খাতে হস্তান্তর করতে সরকার বেসরকারীকরণ কমিশনের মাধ্যমে উদ্যোগ নেবে। শাহ আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো কলকারখানা বন্ধ হয়নি। তবে বিগত জোট সরকারের আমলে বন্ধ করা তিনটি কারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, গ্যাসভিত্তিক চারটি বড় ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।