রংপুরের শ্যামপুরে অবস্থিত রংপুর ডিস্টিলারিজ কোম্পানিতে অভিযান চালিয়ে ১২০ ব্যারেল (২৪ হাজার লিটার) রেকটিফাইড স্পিরিট (আরএস) উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই প্রতিষ্ঠান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ ওই অভিযান চালায়। রংপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে শ্যামপুরে অবিস্থত রংপুর ডিস্টিলারিজ কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে উৎপাদন করা ১২০ ব্যারেল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। প্রতি ব্যারেলে ২০০ লিটার করে স্পিরিট রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি মোস্তাফিজার রহমান ও আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।গোয়েন্দা পুলিশে ভাষ্যমতে, অবৈধভাবে উৎপাদন করা এসব স্পিরিট বাইরে পাচারের জন্য ওই প্রতিষ্ঠানের ভেতরে রাখা হয়েছিল। কারখানার ভেতরে ব্যারেলগুলো খড় দিয়ে ঢাকা ছিল। অভিযানের খবর পেয়ে ওই কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুুল মান্নান বাদী হয়ে অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আবদুল জলিলসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।