২৪টি কমিউনিটি ক্লিনিক সংস্কারে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিক সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঠিকাদারেরা নামকাওয়াস্তে কাজ করেই পুরো টাকা তুলে নিয়ে গেছেন। ময়মনসিংহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিক সংস্কারের জন্য ২৮ লাখ ২৮ হাজার ৭৪৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিটিতে সর্বোচ্চ এক লাখ ২০ হাজার ও সর্বনিম্ন এক লাখ ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। গত মে মাসে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারদের কাজ দেওয়া হয়। নামকাওয়াস্তে তড়িঘড়ি কাজ করে ঠিকাদারেরা গত জুন মাসে বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে নিয়ে যান। সরেজমিনে দেখা গেছে, পিলার স্থাপন, নলকূপ, টয়লেট সংস্কার, নতুন আসবাবপত্র সরবরাহ ও পুরাতন আসবাবপত্র মেরামত করার কথা থাকলেও এসব নিয়ে কোনো কাজ করা হয়নি। আঠারবাড়ী ইউনিয়নের সরাতি কমিউনিটি ক্লিনিকের জমিদাতা আলী আকবর ও দায়িত্বপ্রাপ্ত পরিবারকল্যাণ সহকারী চামিলী রানী জানান, বিল্ডিংয়ের বাইরে কিছু চুনকাম ছাড়া আর কিছুই করা হয়নি। তা ছাড়া ভেতরে বসে অফিসের কাজ করার কোনো পরিবেশ নেই।জাটিয়া ইউনিয়নের পানান কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে নিয়োজিত সহকারী স্বাস্থ্য পরিদর্শক আজিজুল হক জানান, সংশ্লিষ্ট ঠিকাদার ১০০ ভাগের ১০ ভাগ কাজও করেননি। তা ছাড়া আসবাবপত্র মেরামতের কথা থাকলেও শুধু রং করে দায়িত্ব শেষ করেছেন। ওই এলাকার আপ্তাব উদ্দিন (৭০) ও বাবুল মিয়া (২৫) জানান, নিম্নমানের কাজ করায় তিন দিন পরই ভেঙে গেছে বাউন্ডারি পিলার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হক জানান, হাজি মাহবুব ও হাজি আজিজুল হক সংশ্লিষ্ট কাজের ঠিকাদার। শিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করার জন্য ১৭ জুলাই ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্মরণীয় নির্মাণ’-এর স্বত্বাধিকারী হাজি মাহবুব বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঠিকাদার ঠিকই, কিন্তু আমার মাধ্যমে এসব ছোটখাটো কাজ হয়নি।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, ‘সরেজমিনে ওই সব ক্লিনিক পরিদর্শন করে শিডিউল মোতাবেক কাজ সম্পন্ন না হওয়ায় একটি প্রতিবেদন গত ১৩ জুলাই স্থানীয় সাংসদসহ স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেছি।’