২৪টি মহিষের মৃত্যুর পর চিকিৎসকদের ফিরিয়ে দিলেন কৃষক
‘শুরুতে চিকিৎসক মেলেনি। তারপর চিকিৎসা নেওয়ার পরে সুস্থ মহিষগুলোও মারা যাচ্ছে। ইতিমধ্যে ৬৫ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে। তার পরও ১৮ দিনে আমার ২৪টি মহিষ মারা গেছে। এখন কোনো চিকিৎসকের দরকার নাই। দয়া করে আপনারা চলে যান।’ প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকদের উদ্দেশে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের খারিজাগাঁতি গ্রামের কৃষক সাদেক আলী এভাবেই তাঁর ক্ষোভের কথা বলছিলেন। একপর্যায়ে আর কোনো চিকিৎসা পরামর্শ না দিয়েই চিকিৎসকা দল গ্রাম থেকে চলে আসতে বাধ্য হয়। খারিজাগাঁতি গ্রামের লোকজন জানান, ১ আগস্ট থেকে তাঁদের গ্রামের হঠাৎ করে মহিষ মরতে শুরু করে। এখন পর্যন্ত গ্রামের কৃষক সাদেক আলীরই ২৪টি মহিষ মারা গেছে। আরও দুজন কৃষকের চারটি মহিষ মারা গেছে। আরও বেশ কিছু মহিষ রোগাক্রান্ত। সাদেক আলী বলেন, ১ আগস্ট মাঠে গিয়ে দেখি একটি মহিষের পেট ফুলে গেছে। কিছুক্ষণের মধ্যেই মহিষটি মারা গেল। এরপর একে একে আরও ২৩টি মারা যায়। এর মধ্যে কোনো চিকিৎসকের দেখা পাননি। সম্ভবত ১৪ আগস্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা প্রথম এসে চিকিৎসা দেন। তাঁদের চিকিৎসা দেওয়ার পরে সুস্থ মহিষও মারা যেতে লাগল। গতকাল শনিবার দুপুরে খারিজাগাঁতি গ্রামের গিয়ে দেখা গেছে, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তকাব্বর হোসেন ক্ষতিগ্রস্ত কৃষকদের বোঝানোর চেষ্টা করছেন। প্রাণিসম্পদ কর্মকর্তা তকাব্বর হোসেন বলেন, খবর পেয়েই তাঁরা এসেছেন। মহিষগুলো হেমোরেজ সেপটি সেনিয়া রোগে আক্রান্ত হয়েছিল। কৃষকেরা পরামর্শ অনুযায়ী পুরো মাত্রায় ওষুধ ব্যবহার করেননি।