২৪৩ মামলার আসামি ইসহাক জামিনে মুক্ত
ফ্রিডম উন্নয়ন সংস্থার নামে শতাধিক কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা ২৪৩টি মামলার আসামি সেই ইসহাক আলী জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার রাতে নাটোর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এদিকে ইসহাক আলী আদালত পুলিশ ও একজন আইনজীবীর সহায়তায় অবৈধভাবে জামিন নিয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে। গতকাল নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলায় ইসহাকের হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। ইসহাকের মুক্তির বিষয়টি নিশ্চিত করে নাটোর কারাগারের কারাধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, ‘আদালত থেকে ইসহাকের জামিনের কাগজপত্র আসার পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’ বিকেল পাঁচটার পর আসামি ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে দেরি হওয়ায় রাত হয়ে গিয়েছিল।’ ২০০৮ সালের শুরুর দিকে নাটোর সদর উপজেলার নসরতপুর গ্রামে ইসহাক আলী ফ্রিডম উন্নয়ন সংস্থা নামে একটি সংস্থা গঠন করেন। অধিক মুনাফার আশ্বাসে শাড়িতে চুমকি বসানোর কাজ দেওয়ার কথা বলে ওই সংস্থা নাটোরসহ উত্তরবঙ্গের নয়টি জেলার সাধারণ মানুষের কাছ থেকে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে প্রথম আলোতে বিশেষ প্রতিবেদন ছাপানোর পর সরকার নজরদারি শুরু করে। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে সংস্থাটি বন্ধ করে পালিয়ে যান ইসহাক। পরে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের ফলে ইসহাক স্বেচ্ছায় নাটোর আদালতে আত্মসমর্পণ করেন।ইসহাকের অন্যতম আইনজীবী লুৎফর রহমান বলেন, ‘ইসহাকের বিরুদ্ধে নাটোর, নওগাঁ, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, জয়পুরহাট ও দিনাজপুর আদালতে মোট ২৪৩টি প্রতারণার মামলা বিচারাধীন। এসব মামলায় তিনি বিভিন্ন সময় উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিন নিয়েছেন। কিন্তু কারাগারে তাঁর বিরুদ্ধে পুনঃ আটক (প্রডাকশন ওয়ারেন্ট) দেখানো ছিল। এসব পুনঃ আটক কারাগার থেকে প্রত্যাহার করা না হলে কারাগার থেকে ইসহাকের বের হওয়ার কথা নয়।