২৪৫ ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে
বরিশাল অঞ্চলে ২৪৫টি ইটভাটায় কয়লা ও ফার্নেস অয়েলের পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এসব ইটভাটার বেশির ভাগেরই বৈধ কাগজপত্র এবং নির্দিষ্ট মাপের উঁচু চিমনি নেই।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে মোট ২৪৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১০৩টির বৈধ কাগজপত্র নেই। ১৪২টি ইটভাটার অনুমতি থাকলেও এগুলোর বেশির ভাগ প্রাথমিক ছাড়পত্র নিয়ে করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করার নিয়ম না থাকলেও বরিশাল অঞ্চলে তা মানা হয়নি। কাগজে-কলমে ইটভাটার চিমনির উচ্চতা ১২০ ফুট করার নিয়ম থাকলেও বাস্তবে ৩২ থেকে ৪০ ফুট উঁচু চিমনি ব্যবহার করা হচ্ছে।বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, ‘কম উচ্চতাসম্পন্ন চিমনি ব্যবহারের ফলে কার্বন মনোক্সাইড বেশি উৎপন্ন হয়, যা উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। অন্যদিকে কাঠ পোড়ানোর ফলে একদিকে বনজ সম্পদ উজাড় হচ্ছে, অন্যদিকে কার্বন ডাই-অক্সাইড বেড়ে পরিবেশের ক্ষতি করে।’খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলায় ৫২টি ইটভাটার কোনো কাগজপত্র নেই। এর বেশির ভাগই বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত।সরেজমিনে বাকেরগঞ্জের কলসকাঠী গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রামের আকাশ-বাতাস ধোঁয়ায় আচ্ছন্ন। দু-একটা বাড়ির পরপরই রয়েছে ইটের ভাটা। সব মিলে এ গ্রামে ৩৪টি ইটভাটা রয়েছে। এসব ভাটার অধিকাংশই ৩২ ফুট উঁচু চিমনি ব্যবহার করছে। একই অবস্থা কাটাদিয়া খেয়াঘাট, কামারখালী, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, সদর উপজেলার শায়েস্তাবাদ, কাউয়ারচর এলাকার ইটভাটাগুলোর। এসব ইটভাটার অধিকাংশই বসতবাড়ির কাছাকাছি অথবা ফসলি জমি নষ্ট করে করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া ইটভাটা করায় কলসকাঠী গ্রামের ৩৪টি ইটভাটার মধ্যে ২২টির বিরুদ্ধে ২০০৬ সালের ২২ নভেম্বর বেলা নোটিশ দেয় এবং সে নোটিশের তদন্ত শেষে ২৩ নভেম্বর পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে। এরপর ভাটাগুলো বন্ধ করতে ২০০৭ সালে হাইকোর্টে রিট আবেদন করা হয়। কিন্তু আজ পর্যন্ত এর শুনানি হয়নি।বেলার বরিশাল সমন্বয়ক সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তি বলেন, ‘আমরা কলসকাঠীর ২২টি এবং বরিশালের রহমতপুরের ১১টি ইটভাটার বিরুদ্ধে রিট করেছি। সেগুলোর বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে চালাচ্ছে, তা বুঝতে পারছি না। এ ব্যাপারে প্রশাসনের ভূমিকাও সন্দেহজনক।’পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুল হক বলেন, ‘কাঠ পোড়ানোর অভিযোগে জরিমানা ও ইটভাটার মালিকদের চূড়ান্ত নোটিশ এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরও তা বন্ধ করা সম্ভব হয়নি। নিজস্ব ম্যাজিস্ট্রেট ও পরিবেশ আদালত না থাকায় আমাদের পক্ষে এর বাইরে আর কিছু করার নেই।’বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ হেল বাকি প্রথম আলোকে বলেন, ‘অনুমতিবিহীন ইটভাটা এবং কাঠ পোড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’