২৪৬টি পাখি উদ্ধার, ১২ জনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গী বাজার থেকে ২৪৬টি পাখি উদ্ধার করে ১২ জনকে কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল র‌্যাবের নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশা ওই সাজা দেন।সাজা পাওয়া পাখি ব্যবসায়ীরা হলেন মো. বাচ্চু, শাহিন, জলিল, রুবেল, মইনুল, মানিক, মো. বাবু, আনিছ, সাইদুল, রাকিব, কালাম ও আবুল। তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গতকাল বেলা ১১টার দিকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী হাকিম আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাব-১-এর একটি দল টঙ্গী বাজারের সেনা কল্যাণ ভবনের পাশের পাখির হাটে অভিযান চালায়। বন্য পাখি বিক্রির সময় ১২ জনকে হাতেনাতে আটক করা হয়।অভিযানে ছিলেন মহাখালী বন ভবনের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক। তিনি বলেন, উদ্ধার করা পাখিগুলোর মধ্যে ১৩৭টি মুনিয়া, ৩৮টি ঘুঘু, ২৬টি টিয়া, ১৫টি ডাহুক, ১৪টি তোঁতা, ছয়টি ডায়মন্ড ঘুঘু, চারটি করে শালিক ও কালিম, একটি করে ময়না ও বেলে হাঁস রয়েছে। পাখিগুলোকে প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করা হবে।নির্বাহী হাকিম আনোয়ার পাশা বলেন, বন্য পাখি ধরা, বিক্রি ও শখ বা অন্য কোনো কারণে লালন-পালন দণ্ডনীয় অপরাধ।