জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৪৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে সাধুরপাড়া ইউনিয়নের বটতলা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
গত বুধবার দুপুরে বটতলা গ্রামে পুলিশের ওপর ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১২টার দিকে বকশীগঞ্জ থানার এসআই আবদুল আজিজ বাদী হয়ে মামলাটি করেন। এতে বটতলা গ্রামের ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
বকশীগঞ্জ থানার এসআই ও মামলাটির তদন্ত কর্মকর্তা নয়ন দাস গতকাল বৃহস্পতিবার বলেন, পুলিশের ওপর হামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ তাঁদের বাড়ি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।
এজাহার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বটতলা গ্রামের টারু মিয়া ও আইরমারী খানপাড়া গ্রামের আবদুস ছালামের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার দুপুর ১২টার দিকে টারু মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে পাটের বীজ বপন করতে যান। আবদুস ছালামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এতে বাধা দেন। উভয় পক্ষ বিরোধপূর্ণ জমির দুপাশে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। একপর্যায়ে টারু মিয়ার লোকজন প্রতিপক্ষের দিকে তেড়ে যেতে চান। পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় টারু মিয়ার লোকজন পুলিশের ওপর হামলা চালান। এতে দুজন এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। হামলার ঘটনায় রাতেই মামলা হয়।