নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের কমপক্ষে ৩০০ একর জমি অবৈধ দখলে চলে গেছে। এসব জমিতে গড়ে উঠেছে প্রায় পাঁচ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি। এ ছাড়া বিভিন্ন মহল্লায় রেলওয়ের ১ হাজার ৩২৫টি কোয়ার্টার বেদখল হয়েছে।
এসব তথ্য সৈয়দপুরে রেলওয়ের সূত্রের। সূত্র বলেছে, সৈয়দপুরে রেলভূমি দখল-সংক্রান্ত দুই হাজারেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, সৈয়দপুরে রেলওয়ের সম্পত্তি ৮০০ একর। এর মধ্যে পৌর বাজার রয়েছে ২৫ একর জায়গায়। রেলওয়ের বিভিন্ন মহল্লায় ২ হাজার ৪৮০টি কোয়ার্টারের মধ্যে অবৈধ দখলে চলে গেছে ১ হাজার ৩২৫টি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রথমে ওই কোয়ার্টারগুলো দখলে নিয়ে পরে বিক্রি করে দেন। সৈয়দপুর শহরের খালাসী মহল্লা, গোলাহাট, ইসলামবাগ, রসুলপুর, মুন্সিপাড়া, নতুন বাবুপাড়া, মিস্ত্রিপাড়া, গার্ডপাড়া, শহীদ আতিয়ার কলোনিতে রেলের অসংখ্য কোয়ার্টার বেদখল হয়েছে। কোয়ার্টারগুলোর পাশের বিপুল পরিমাণ জমিও দখল হয়েছে। এসব জমিতে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন।
রেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার অভিযোগ করেন, সৈয়দপুর শহরে রেলের কমপক্ষে ৩০০ একর জায়গা অবৈধ দখলে চলে গেছে। কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তিনি বলেন, রেলওয়ের কিছু কর্মকর্তা উৎকোচের বিনিময়ে রেলভূমি দখলে সহায়তা দিচ্ছেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নুর আহাম্মদ হোসেন বলেন, শহরে রেলের জমিতে কমপক্ষে পাঁচ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবন তৈরি হয়েছে। হয়েছে বহুতল বাণিজ্যিক ভবনও।
রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ‘ইতিমধ্যে আমরা অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালিয়েছি। তবু দখল থেমে নেই। শিগগিরই নতুন করে উচ্ছেদ অভিযান চালানো হবে।’