চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি সাবমেরিন
২৪-২৫ ডিসেম্বর বন্দর চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ থাকবে
চীন থেকে কেনা বাংলাদেশ নৌবাহিনীর দুটি ডুবো যুদ্ধজাহাজ (সাবমেরিন) ‘জয়যাত্রা’ ও ‘নবযাত্রা’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সাবমেরিন দুটি বহন করে নিয়ে আসা একটি বিশেষ জাহাজ গতকাল বৃহস্পতিবার বিকেলে বন্দরের জেটিতে ভেড়ানো হয়। এর মাধ্যমে ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করল বাংলাদেশ নৌবাহিনী।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুটি সাবমেরিনবাহী ‘এমভি কাং শেং কও’ জাহাজটি বিকেল ৫টা ২৫ মিনিটে বন্দরের সিসিটি-১ জেটিতে পৌঁছায়।
সাবমেরিন বহনকারী জাহাজটির স্থানীয় এজেন্ট কসকো (বাংলাদেশ) শিপিং লাইন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, ২৪ ডিসেম্বর জাহাজটি নৌবাহিনীর জেটিতে নেওয়া হতে পারে। এরপর ২৫ ডিসেম্বরের মধ্যে জাহাজটির পেছনের অংশ পানিতে ডুবিয়ে সাবমেরিন দুটি পানিতে ভাসানোর কথা রয়েছে।
গত বুধবার চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রণতরি বহনকারী জাহাজের আগমন ও আনলোডিং (খালাস) কার্যক্রমের জন্য ২২ থেকে ২৪ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত করা হবে। এ ছাড়া ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্দর চ্যানেলে সব ধরনের জাহাজের চলাচল বন্ধ থাকবে। ২৪-২৫ ডিসেম্বর সাবমেরিন দুটি খালাস করা হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
কাস্টমস হাউস ও বন্দরের নথি অনুযায়ী, চীনের দালিয়ান বন্দর থেকে ৯ ডিসেম্বর সাবমেরিন দুটি নিয়ে এমভি কাং শেং কও জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে গত ১৪ নভেম্বর চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে ০৩৫জি সিরিজের দুটি সাবমেরিন হস্তান্তর করেন চীনের পিপলস লিবারেশন নেভির রিয়ার অ্যাডমিরাল লিউ জিঝু।
প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য ৭৬ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৬ মিটার। এগুলো টর্পেডো ও মাইন দিয়ে সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজে আক্রমণ করতে সক্ষম। দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের যৌথ তত্ত্বাবধানে বাস্তব প্রশিক্ষণ এবং সি ট্রায়াল সফলভাবে সম্পন্ন করে সাবমেরিন দুটি দেশে আনা হয়েছে। ২৪ বছরের পুরোনো এই সাবমেরিন দুটি চীনের নৌবাহিনী ব্যবহার করত। পুনঃসজ্জিত করে এগুলো বাংলাদেশে আনা হয়েছে।
গত ১৫ নভেম্বর যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রতিরক্ষাবিষয়ক অনলাইন ‘আইএইচএস জেনস ৩৬০’-এর প্রতিবেদনে বলা হয়, সাবমেরিন দুটির চুক্তিমূল্য ২০৩ মিলিয়ন ডলার বা দেড় হাজার কোটি টাকা।