২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন: স্পিকার

আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথম বৈঠকের স্বাগত বক্তব্যে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।
অধিবেশন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। অধিবেশন শুরুর আগে বিকেলে অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিরোধী দল ও তাদের জোট অধিবেশনে যোগ দেয়নি।
স্পিকার বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ (ক) ধারা অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জানুয়ারি নবম সংসদের পাঁচ বছর পূর্ণ হবে। ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি সময়ের মধ্যে যেকোনো দিন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে বর্তমান অধিবেশন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিলগুলো এই অধিবেশনে পাসের পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দল এই অধিবেশনে সংবিধানের আলোকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে। বিতর্ক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে অধিক কার্যকর করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে পদক্ষেপ নেবে, এটাই জাতির প্রত্যাশা। এর আগে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
স্বাগত বক্তব্যের পর আওয়ামী লীগের সাংসদ গোলাম সবুর ও সাবেক সাংসদ মুহাম্মদ ইকরামুল হক, শাহ জাহাঙ্গীর কবীর, কে এম হেমায়েত উল্যাহ আওরঙ্গ, খলিলুর রহমান চৌধুরী ও আবদুল ওয়াহাব খানের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব নেওয়া হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, আ স ম ফিরোজ, শাহরিয়ার আলম ও রুহুল আমিন হাওলাদার। এরপর রেওয়াজ অনুযায়ী সাংসদ গোলাম সবুরের মৃত্যুতে সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদের অধিবেশন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। বিকেলে অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অধিবেশন চলবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে ঈদুল আজহা, দুর্গাপূজা ও অন্যান্য প্রয়োজনে অধিবেশন মুলতবি করার দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন ও আব্দুল মতিন খসরু। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।