২৫ অক্টোবর ঢাকায় যে কোনো মূল্যে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজ রোববার রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করতে না দিলে বা সমাবেশে বাধা দেওয়া হলে সারা দেশকে ‘সমাবেশে’ পরিণত করা এবং ২৭ অক্টোবর থেকে লাগাতার হরতাল বা অবরোধ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্বর্তী সরকারের যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে ১৮দলীয় জোট একমত পোষণ করেছে। এ বিষয়ে আগামীকাল খালেদা জিয়া প্রেস কনফারেন্স করে কী বক্তব্য দেবেন তা পুরোপুরি খালেদা জিয়ার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে শফিউল আলম প্রধান, সৈয়দ মো. ইব্রাহিম, আবদুল লতিফ নেজামী, শওকত হোসেন, অলি আহমদসহ ১৮দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।