যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৫ অক্টোবরের পর দেশে আকাশ ভেঙে পড়বে না। সংবিধান অনুযায়ীই দেশ চলবে। দেশে সরকার আছে, শাসনতন্ত্র আছে, গণতন্ত্র আছে। তাই এ ব্যাপারে জনগণের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিগগিরই প্রধানমন্ত্রী জাতিকে এ ব্যাপারে দিকনির্দেশনা দেবেন।’
গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সেতু উদ্বোধনের সময় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘দেশের মানুষ কষ্ট পায়—এমন কোনো কর্মসূচি দেবেন না।’
মন্ত্রী বলেন, ‘বিরোধী দলের ভাষণের রাজনীতি আর মাঠের রাজনীতিকে আমি কখনো এক করে দেখি না। জনগণও দেখে না। তাই রাজনৈতিকভাবেই ২৫ অক্টোবরের পর বিরোধী দলের কর্মসূচিকে মোকাবিলা করা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে। এই এলাকার ১২ কিলোমিটার অংশে পাঁচটি সেতু নয় কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও নয়টি সেতু। ঈদের পর ওই সেতুগুলো উদ্বোধন করা হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারোয়ার খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও কুমিল্লা জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।