২৫ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য এবং অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্তদের উত্তরপত্র যথাযথভাবে পুনর্মূল্যায়ন করতে হবে। ২৫ আগস্টের মধ্যে এ ব্যাপারে শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ বক্তব্য না পেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলা হয়। এর আয়োজন করেন ২০১১-২০১২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য পড়ে শোনান সৈয়দা ফারিয়া উলফাত। এতে উপস্থিত ছিলেন অপূর্ব দে, দিবাকর দেওয়ানজী, অনীক নাথ, টিটু চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬১ দশমিক ২২ শতাংশ। বিগত বছরের তুলনায় তা ১১ দশমিক ০৯ শতাংশ কম। একদিকে বিপুল পরিমাণ অকৃতকার্য এবং অপরদিকে দুর্বল গ্রেড পয়েন্ট। আমরা মনে করি, অকৃতকার্য এবং অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন প্রয়োজন। আমরা এ দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড বরাবরে স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেছি। এরই ধারাবাহিকতায় এ সংবাদ সম্মেলন করছি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বলা হয়, এ ফল বিপর্যয় আমাদের শিক্ষাজীবনের জন্য চরম হতাশাজনক।