২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন দিনের হজ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ এপ্রিল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ষষ্ঠ হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এই মেলা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এই মেলার মাধ্যমে হজযাত্রীরা হজ-সংক্রান্ত বিস্তারিত সব তথ্য জানতে পারবেন। ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটে একই ধরনের মেলার আয়োজন করা হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার এসব তথ্য জানান। তিনি বলেন, হজ-সংক্রান্ত তথ্য প্রদান ও প্রশিক্ষণই এই মেলার উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর এজেন্সির মাধ্যমে যাঁরা হজে যাবেন, তাঁরা আগামী ৩০ মে পর্যন্ত তালিকাভুক্ত ব্যাংকগুলোতে টাকা জমা দিতে পারবেন। এজেন্সিগুলোকে ৪ জুনের মাধ্যমে জমাকৃত টাকার বিবরণী ও যাত্রীদের তালিকা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।হাবের নেতারা বলেন, প্রতিবছরই কিছু মধ্যস্বত্বভোগী কম টাকায় হজে পাঠানোর লোভ দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। তাই হজ এজেন্সি ছাড়া কারও সঙ্গে যেন কেউ যোগাযোগ না করেন এবং এজেন্সির সঙ্গে চুক্তি সইয়ের আগে কোথাও পাসপোর্ট জমা না দেওয়ার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানান তাঁরা। সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় যাঁরা হজে যাবেন, তাঁদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে তিন লাখ ৪৩ হাজার টাকা।হাবের সভাপতি বলেন, সরকার এবার শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছে। কিন্তু শুধু দুটি এয়ারলাইনস দিয়ে সব যাত্রী পরিবহন সম্ভব হবে কি না, এ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। তাই তৃতীয় আরেকটি বিমান সংস্থায়ও হজযাত্রী পরিবহনের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি।