২৫ এপ্রিল মধ্যরাত শেষ সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাইরে থেকে প্রচারণার জন্য আসা বিভিন্ন দলের নেতা-কর্মীদের ২৫ এপ্রিল রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ত্যাগ করতে হবে। গতকাল বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ কথা জানান।
এদিকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. আবদুল বাতেন বলেন, যেসব বহিরাগত ব্যক্তি প্রচারণার উদ্দেশ্যে এসেছেন, তাঁরা ২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে চট্টগ্রাম নগরে থাকতে পারবেন না।
গতকাল রিটার্নিং কর্মকর্তার জুবিলি রোডের কার্যালয়ে আয়োজিত সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে ফলাফল ঘোষণার জন্য প্রস্তাবিত বিকল্প তিনটি স্থাপনা দেখতে যান রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীর দাবি অনুযায়ী তাঁরা তিনটি স্থান পরিদর্শন করেছেন। কোনোটিই ফল ঘোষণার জন্য উপযুক্ত নয়। তাই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এম এ আজিজ স্টেডিয়াম থেকে ফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিমনেসিয়াম থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হবে। ২৭ এপ্রিল থেকে স্টেডিয়ামের দোকান বন্ধ থাকবে।
মো. আবদুল বাতেন জানান, ৭১৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ১৭ হাজার সদস্য মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবেন ২৪ জন সদস্য এবং সাধারণ কেন্দ্রে থাকবেন ২২ জন। এ ছাড়া বিজিবি, র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে। পাশাপাশি এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করা হবে। তিনি জানান, প্রতিটি স্ট্রাইকিং ফোসের্র সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন। ১৪০ জন নির্বাহী হাকিম এবং ১০ জন বিচারিক হাকিম নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
গাড়ি চলাচলে বিধিনিষেধ: রিটার্নিং কর্মকর্তা জানান, ২৫ এপ্রিল রাত ১২টা থেকে নগরে মোটরসাইকেল চলতে পারবে না। সাংবাদিকদের কমিশনের নির্ধারিত স্টিকার দিয়ে মোটরসাইকেল চালাতে হবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক, লঞ্চ ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে মহাসড়কে যান চলাচল করতে পারবে।