২৫ এপ্রিল মালয়েশিয়ায় কর্মী যাবে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে সরকারিভাবে প্রথম দফায় ২৫ এপ্রিল মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আমি আগে বলেছিলাম ২৭ মার্চ লোক যাবে। কিন্তু সরকারিভাবে লোক পাঠানোর বিষয়টি দুই দেশের জন্যই নতুন। আর প্রক্রিয়াগত কারণেই কিছুটা দেরি হচ্ছে। কিন্তু তাই বলে লোক পাঠাতে আমরা ব্যর্থ, এমন কথা যাঁরা বলছেন, তাঁরা অপপ্রচার চালাচ্ছেন। ঢাকায় মালয়েশীয় দূতাবাস থেকে আমরা ২০০ জনের ভিসা পেয়ে গেছি। এখন নিয়োগকর্তারা কবে সময় দেন, সেটি দেখা যাক। আমরা আশা করছি, ২৫ এপ্রিল প্রথম দফা কর্মী যাবে মালয়েশিয়ায়।’২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর সেখানে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ৩০ ডিসেম্বর মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতের জন্য ১০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র পাঠায়।এরপর ১৩ থেকে ২১ জানুয়ারি সারা দেশে আগ্রহী ব্যক্তিদের নাম নিবন্ধন করা হয়। নাম নিবন্ধন করা ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জনের মধ্য থেকে ৩৬ হাজার ৩৮ জন প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাঁদের মধ্যে লটারিতে ১০ হাজার ৫৭৮ জনকে নির্বাচিত করা হয়, যাঁদের প্রথম দফায় মালয়েশিয়া যাওয়ার কথা।