‘যুবক’ নিয়ে তদন্ত কমিশনের কাজে ২৫ এপ্রিলের মধ্যে অগ্রগতি না হলে ভবিষ্যতে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। অগ্রগতি না হলে তাঁরা তদন্ত কমিশনের প্রধান ড. ফরাসউদ্দিনের পদত্যাগও দাবি করেন।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘যুবক কর্তৃক ক্ষতিগ্রস্ত কর্মী ও সদস্যদের অর্থ আদায় সংগ্রাম কমিটি’ এই হুঁশিয়ারি দেয়।সংবাদ সম্মেলনে গ্রাহকেরা অভিযোগ করেন, প্রায় দুই বছর আগের ঘটনায় তদন্ত কমিশন তৈরি করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহযোগিতা করার ক্ষেত্রে কমিশন আন্তরিক নয় বলেও দাবি করেন তাঁরা।অর্থ আদায় সংগ্রাম কমিটির সদস্যরা বলেন, যুবকের অ্যাকাউন্টে এখনো টাকা থাকলেও কমিশন গ্রাহকদের টাকা ফিরিয়ে দেবে বলে মনে হচ্ছে না। তাঁরা আরও বলেন, যুবক তাদের বর্তমান সম্পত্তি বিক্রি করে বেনামে সম্পত্তি কিনে নতুন করে প্রতারণার ফাঁদ তৈরি করছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের পর ২০০৬ সালে যুবকের কার্যক্রম তদন্ত করতে ড. ফরাসউদ্দিনকে প্রধান করে একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন এখনো কাজ করছে। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থ আদায় সংগ্রাম কমিটির সমন্বয়কারী জামালউদ্দিন চৌধুরী, আবু তাহের, মাজহারুল হক প্রমুখ।