২৫ কিমি যেতে চার ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবুল মাতবর মিনিবাসের মালিক। ব্যাংক লোনে কেনা ৩১ আসনের গাড়িটির অবস্থাও ভালো। তবে তিনি আক্ষেপ করে বললেন, ‘গাড়ি কিইন্যা ফকিরের কুটুম হইয়া গেছি গিয়া। অহনে আর দিন চলতাছে না।’ তাঁর গাড়ি চলে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে। এই সড়ক তাঁর দুর্দশা ঘটিয়েছে।

মুন্সিগঞ্জ শহরে কোনো বাস টার্মিনাল নেই। শহরের পুরাতন কাচারি রোডের মাথায় সারি দিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের বাস রাখা। এটিই এখন শহরের বাসস্ট্যান্ড। সেখানেই কথা হচ্ছিল বাবুল মাতবরের সঙ্গে। তিনি জানালেন, মুন্সিগঞ্জ শহর থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত এই একটি মাত্র রুটেই বাস চলে। ‘দীঘিরপাড় ট্রান্সপোর্ট’ এবং ‘কুসুমপুর পরিবহন’ নামের দুটি কোম্পানির নামে ২৫টির মতো মিনিবাস রোজ যাওয়া-আসা করে। বাবুলের বাস চলে দীঘিরপাড় ট্রান্সপোর্টে।

মুন্সিগঞ্জ থেকে গুলিস্তানের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। যাত্রীর ভাড়া ৬০ টাকা। সময় লাগার কথা বড়জোর এক ঘণ্টা। কিন্তু গুলিস্তান থেকে ছেড়ে তিন ঘণ্টাতেও যদি মুন্সিগঞ্জে আসা যায়, তবে সময় কম লেগেছে বলেই মনে হয় এই রুটের গাড়িচালক আর যাত্রীদের। অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু কখনো কখনো এই পথ পেরোতে ছয় ঘণ্টা পর্যন্ত লেগে যায়। রাস্তার অবস্থা এতই খারাপ। এ কারণে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এই রুটে।

আগে মুন্সিগঞ্জ-গুলিস্তান রুটে ঝিলিক, ঢাকা ট্রান্সপোর্ট, নয়ন পরিবহনের বাস চলত। এগুলো বন্ধ হয়ে গেছে। বাবুল মাতবর হিসাব দিয়ে বললেন, মুন্সিগঞ্জ থেকে গুলিস্তান যেতে (তাঁরা বলেন এক সিঙ্গেল) ৭০০ টাকার জ্বালানি তেল, ২০০ টাকা মুক্তারপুর সেতুর টোল, কোম্পানির ফি ২০০ টাকা, চালকের ২০০ টাকা ও সহকারীর ১০০ টাকা মজুরি—এই ১,৪০০ টাকা বাঁধা খরচ। আরও কিছু অপ্রকাশ্য খরচাপাতি আছে। সব আসন পূর্ণ হলে ভাড়া আসে ১,৮৬০ টাকা। থাকে ৪৬০ টাকা। দিনে তিন ‘সিঙ্গেল’-এর বেশি হয় না, অধিকাংশ দিনেই দু‌ই ‘সিঙ্গেল’। গড়ে তিন সিঙ্গেল করে ধরলেও মাসে আয় ৪১ হাজার ৪০০ টাকা। এর মধ্যে তাঁর ব্যাংক ঋণের কিস্তি দিতে হয় ২৪ হাজার টাকা। বাকি থাকে ১৭ হাজার ৪০০ টাকা। গাড়ির রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য খরচ প্রায় পাঁচ হাজার টাকা। এসব হলো অঙ্কের হিসাব। বাস্তবে মাসে ১০ হাজার টাকাও হাতে থাকে না। দিনে দিনে যাত্রী কমে যাচ্ছে। লোকে সময় বাঁচাতে ভেঙে ভেঙে যাচ্ছে। এ কারণেই অনেক পরিবহন এই রুট থেকে তাদের বাস তুলে নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গুলিস্তান থেকে মেয়র হানিফ উড়ালসড়ক হয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত সড়ক চমৎকার। সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক খানাখন্দে ভরে গেছে। গাড়ি চলে ধীরগতিতে। তবে প্রশস্ত সড়ক বলে গতি মন্থর হলেও সড়ক চালু থাকে। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে পঞ্চবটী চৌরাস্তার মোড়ে এসে হাতের বাঁয়ে মোড় নিয়ে সোজা মুন্সিগঞ্জ। এখান থেকেই যন্ত্রণার শুরু। বহুকাল আগে তৈরি করা এই সড়ক মূলত এক লেনের। পুরো সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। তাতে পথ আরও সংকীর্ণ হয়ে পড়েছে। তা ছাড়া এই সড়কের পাশে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বড় বড় সিমেন্ট কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান। যাতায়াত করছে ভারী ট্রাক। বিপরীতমুখী দুই ট্রাক বা বাসের পাশ কাটানো খুবই ঝুঁকিপূর্ণ। বিপরীতমুখী দুটি বড় গাড়ি মুখোমুখি হলেই গতি থমকে যায়। উভয় পাশে লম্বা সারিতে আটকে যায় অসংখ্য ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি স্কুটার, লেগুনা আর ব্যক্তিগত গাড়ি। এই পথে যাতায়াত করতে গিয়ে মনে হয়েছে, যেন এভাবে থমকে থাকাটাই এ পথের স্বাভাবিক বৈশিষ্ট্য।

যানজট সৃষ্টি হচ্ছে পঞ্চবটী মোড় থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত। সড়কের এই অংশের নারায়ণগঞ্জ বিসিক মোড়, ভোলাইল বাজার, কাশিপুর বাজার, মণ্ডলবাড়ি, চর সৈয়দপুর, চর কাশিপুর এলাকায় যানজট প্রায় সার্বক্ষণিক। এসব এলাকায় রাস্তাও বেশি ভাঙা। এই জায়গাগুলোতে একটি জটলা পার হয়ে খানিকটা যেতেই পড়তে হয় আরেকটি জটলায়। কাশিপুরে সেতুর এক পাশ ভেঙে আছে। সেখানে ‘মহা জটলা’ লাগে। এভাবে থেমে থেমে সকাল ৯টায় রওনা দিয়ে বেলা দেড়টায় ব্যক্তিগত গাড়িতে পৌঁছানো গেল মুন্সিগঞ্জ শহরে। এ তথ্য জানাতেই শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা আইনজীবী ইকবাল হোসেন বললেন, ‘এ আর এমন কি, কখনো কখনো ছয় ঘণ্টাও লেগে যায়। আমরা যে ঢাকার এত কাছে আছি, তা ভাবতেই পারি না। মনে হয় রাজধানী থেকে মুন্সিগঞ্জ যেন দু-তিন শ কিলোমিটার দূরে।’

সময় বাঁচাতে মুন্সিগঞ্জবাসী স্থলপথ ছেড়ে নৌপথে লঞ্চে ধলেশ্বরী নদী পার হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছেন। সেখান থেকে বাসে ঢাকায়। আর যাঁরা সড়কপথে যেতে চান, তাঁরাও সরাসরি বাসে না গিয়ে যাচ্ছেন ভেঙে ভেঙে। মুন্সিগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোতে যাচ্ছেন মুক্তারপুর সেতু পর্যন্ত। এখানে সড়কের দুই পাশে, মাঝখানে গিজগিজ করছে অটোর ঝাঁক। সেখান থেকে অটো বা লেগুনায় পঞ্চবটী বা চাষাঢ়া। অতঃপর চাষাঢ়া থেকে বাসে ঢাকা। যাতায়াতের এই দুর্ভোগই মুন্সিগঞ্জবাসীর এখন প্রধান সমস্যা।

মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সলও বললেন, সড়কপথে রাজধানীর সঙ্গে যোগাযোগব্যবস্থাই শহরবাসীর প্রধান সমস্যা। রাস্তা খারাপ থাকার জন্য সরাসরি যাতায়াত করা অনেক কোম্পানির বাস বন্ধ হয়ে গেছে। একই কারণে দেশের অন্য এলাকার সঙ্গে মুন্সিগঞ্জের সরাসরি কোনো বাস সার্ভিস নেই। চট্টগ্রাম, সিলেট, খুলনা, উত্তরাঞ্চল বা অন্য কোথাও যেতে হলে মুন্সিগঞ্জবাসীর নারায়ণগঞ্জ অথবা ঢাকায় গিয়ে দূরপাল্লার বাসে উঠতে হয়। তবে দুই একর জায়গার ওপর একটি বাস টার্মিনাল করা হচ্ছে বলে জানালেন মেয়র। 

সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ আলম বললেন, সড়ক সংস্কারের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। তবে যোগাযোগ চালু রাখার জন্য জরুরি মেরামতের কাজ চলছে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি।