২৫ কিলোমিটারই যানবাহন চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বেহাল সড়ক—৫২

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা থেকে চান্দখালী পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক বেহাল। এই অংশের  গৌরিচন্না মুন্সিবাড়ি এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে গত রোববার দুপুরে l প্রথম আলো
বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা থেকে চান্দখালী পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক বেহাল। এই অংশের গৌরিচন্না মুন্সিবাড়ি এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে গত রোববার দুপুরে l প্রথম আলো

বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বরগুনা অংশের ২৩ কিলোমিটার এবং বরিশাল অংশের অন্তত দেড় কিলোমিটার।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরগুনা ও বরিশাল কার্যালয় সূত্র জানায়, বরগুনা-বাকেরগঞ্জ-বরিশালআঞ্চলিক মহাসড়ক দৈর্ঘ্যে ৫৫ দশমিক ২ কিলোমিটার। এর ৪৩ দশমিক ২ কিলোমিটার বরগুনা সওজের এবং ১২ কিলোমিটার বরিশাল সওজের আওতাধীন। সর্বশেষ ২০১২ সালে এ সড়কে বড় ধরনের সংস্কারকাজ হয়েছে। তা ছাড়া সারা বছরই ছোটখাটো মেরামতের কাজ চলে।

গাড়িচালক ও এলাকাবাসীর অভিযোগ, সড়কটি অপ্রশস্ত (১২ ফুট) হওয়ায় অপর গাড়িকে জায়গা দিতে গিয়ে প্রায়ই বাসসহ বিভিন্ন যানবাহন খাদে পড়ে যায়। যাত্রীরা দুর্ভোগে পড়ে। এর ওপর সড়কের প্রায় ২৫ কিলোমিটার অংশে পিচ উঠে যাওয়ায় প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়। তখন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবছর সড়ক মেরামতে কোটি কোটি টাকা ব্যয় করে সওজ। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় বছর না ঘুরতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যায়।

জানতে চাইলে বরগুনা সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৬৫ কোটি টাকা ব্যয়ে সড়কের বরগুনা অংশের ৪৩ কিলোমিটারের মধ্যে ২০ কিলোমিটার প্রশস্তকরণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। বাকি অংশেরও দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ বলেন, ‘আমাদের অংশের ১২ কিলোমিটার সড়ক মেরামত ও বর্ধিতকরণ কাজের দরপত্র প্রক্রিয়া মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করি, আগামী ডিসেম্বর নাগাদ আমরা কার্যাদেশ দিতে পারব।’

সরেজমিনে দেখা যায়, বরগুনা অংশের বরগুনা থেকে চান্দখালী হয়ে গাবুয়া পর্যন্ত ১৭ কিলোমিটার এবং সুবিদখালী থেকে চৈতা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। এর মধ্যে বরগুনা-চান্দখালী ১৪ কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী। সোনারবাংলা, গৌরিচন্না, বারঘর, চান্দখালী, খলিশাখালী, গাবুয়া, কিসমতপুর, কাঁঠালতলি অংশের পিচ উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।

বাসচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বরগুনা থেকে চান্দখালী পর্যন্ত ভাঙাচোরা সড়ক দিয়ে এখন চলাচল করা দায়। বড় বড় খাদ হয়ে যাওয়ায় এই অংশে ঝুঁকি নিয়ে চলতে হয়।

 অন্যদিকে বরিশাল অংশের কুণ্ডুবাড়ি, নিউমার্কেট, কালীগঞ্জ সেতু ও জাহানারা ক্লিনিকের সামনের প্রায় দেড় কিলোমিটার সড়ক বেহাল। বরগুনা-ঢাকা পথে চলাচলকারী একটিপরিবহনের চালক বশির উদ্দিন বলেন, আরেকটি গাড়িকে পাশ কাটাতে গেলে গাড়ি কাত হয়ে যায়। তখন যাত্রীরা আতঙ্কে দোয়া-দরুদ পড়তে শুরু করে।