২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল শনিবার ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধনের আয়োজন করে।লালমোহন উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে থানা রোড, ধলিগৌড়নগর, চাচড়া, সম্ভুপুর, মুচিবাড়ি মোড় হয়ে তজুমদ্দিন উপজেলা পরিষদ পর্যন্ত এই মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে ২০ মিনিটের মানববন্ধনের সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাংসদ নুরুন্নবী চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা, লালমোহন উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।ইউসুফ হোসেন হুমায়ুন প্রথম আলোকে বলেন, এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। তিনি এই মানববন্ধনকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত সৃষ্টির একটি আন্দোলন বলে দাবি করেন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বর্তমান সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। সাংসদ নুরুন্নবী চৌধুরী বলেন, ১৯৭১ সালের জঘন্য অপরাধীদের বিচারের মুখোমুখি হতেই হবে।