>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

ভোলার তজুমদ্দিন-দেবীরচর বাজার সড়কের দৈর্ঘ্য সাড়ে ২৫ কিলোমিটার। সড়কটির প্রায় পুরো অংশের পিচ উঠে গেছে। বেরিয়ে এসেছে লাল খোয়া। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। ভাঙাচোরা এ সড়কের তিনটি সেতু ঝুঁকিপূর্ণ। এ কারণে জেলার দুই উপজেলার কয়েক লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ভোলার তজুমদ্দিন-মঙ্গল শিকদার-লালমোহন শহর-নাজিরপুর-দেবীরচর বাজার সড়কটি আন্ত-উপজেলা সড়ক। এর দৈর্ঘ্য সাড়ে ২৫ কিলোমিটার। প্রস্থ ৫ দশমিক ৫ মিটার। সড়কটি নতুন করে নির্মাণ জরুরি।
১ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, দেবীরচর বাজার থেকে লালমোহন শহর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের অবস্থা বেশি খারাপ। এর স্থানে স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। একই সড়কের লালমোহন শহর থেকে মঙ্গল শিকদার হয়ে তজুমদ্দিন শহর পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার। সেখানেও ছোট-বড় অনেক গর্ত রয়েছে। মাঝেমধ্যে উঁচু-নিচু ঢেউখেলানো। এ সড়কের দুই পাশে অনেকখানি ভেঙে গেছে। লালমোহন উপজেলার নাজিরপুর বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন জুয়েল বলেন, দেবীরচর বাজার-লালমোহন সড়ক দিয়ে বদরপুর, কালমা ও পশ্চিম চর উমেদ ইউনিয়নের কয়েক লাখ মানুষ যাতায়াত করে। কিন্তু সংস্কারের অভাবে বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার বাসিন্দা মো. ইউসুফ বলেন, লালমোহন শহর থেকে মঙ্গল শিকদারলঞ্চঘাট পর্যন্ত সড়কেও অনেক গর্তের সৃষ্টি হয়েছে। রমাগঞ্জ ও ধলীগৌনগর ইউনিয়নের অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার রয়েছে এ সড়কের পাশে। এলাকাবাসীকে এ সড়কে দুর্ভোগ পোহাতে হয়।
হরিগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. পারভেজ আলম বলেন, ২০০৫-০৬ সালের দিকে সড়কের কাজ হয়েছে। তারপর মাঝেমধ্যে গর্তে খোয়া ফেলেসংস্কারকরেছে সওজ বিভাগ। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আবার গর্তের সৃষ্টি হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল আরিফ বলেন, উপজেলার দেবীরচর বাজার-লালমোহন শহর-মঙ্গল শিকদার বাজার সড়কটিতে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটি যান চলাচলের উপযোগী নয়। নতুন করে মেরামত জরুরি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, সড়ক ও সেতুর অবস্থা বেহাল এবং চলাচল-অনুপযোগী হওয়ায় উপজেলা পরিষদ থেকে বালু ও খোয়া ফেলা হয়েছে। সওজ ভোলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, সড়কটি সম্পূর্ণ মেরামতের জন্য একটি প্রস্তাব সড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করা যায়, শীত মৌসুমে সড়কটি সংস্কার করা হবে।