২৫ কৃষকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
মহিষের কবল থেকে খেতের ফসল রক্ষা করতে গিয়ে ভোলার দৌলতখান উপজেলার দুর্গম মদনপুর ইউনিয়নের ২৫ জন কৃষক মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে পাশের মেদুয়া ইউনিয়নের এক ব্যক্তি লুটপাট, অপহরণ ও চাঁদাবাজির মামলা করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে মদনপুর চর উন্নয়ন কমিটির নেতারা সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুছ। তিনি বলেন, লক্ষ্মীপুর ও ভোলার প্রভাবশালী ব্যক্তি মো. ফেরদৌস, ইউসুফ জিলাদার ও তাঁদের লোকজন মদনপুর সীমানায় ৮০০ থেকে ৯০০ মহিষ পালন করছেন। ওই মহিষ মদনপুরের কৃষিজমিতে ঢুকে কয়েক শ একর জমির ফসল নষ্ট করে আসছে। বিষয়টি ফেরদৌস ও ইউসুফ জিলাদারকে জানালেও তাঁরা ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গত শুক্রবার ভোররাতে মহিষগুলো পিটিয়ে তাড়িয়ে দেন। এ ঘটনায় নেয়ামতপুরের আনোয়ারুল ইসলাম মদনপুরের জাফর পণ্ডিত ও মিল্টন মিয়াসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন, যা মিথ্যা।
মো. ফেরদৌস ও ইউসুফ জিলাদার বলেন, মহিষে ফসল খাওয়ার অভিযোগ মিথ্যা। জাফর পণ্ডিত, মিল্টন মিয়া ও তাঁদের লোকজন মহিষ পালনের জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। ওই টাকা না দেওয়ায় তাঁরা শুক্রবার ২০২টি মহিষ লুট ও দুজন রাখালকে অপহরণ করেন।
বিষয়টি জানাজানি হলে তাঁরা মেঘনা নদীর মাঝে মহিষ ও রাখালদের ফেলে পালিয়ে যান। ১৬৪টি মহিষ এবং রাখাল জসিম উদ্দিনকে মেঘনার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। ৩৮টি মহিষ ও রাখাল জমির আলীকে এখনো পাওয়া যাচ্ছে না।