২৫ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও
শরীয়তপুরে ফিউচার ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সমবায় সমিতির কর্মকর্তারা গ্রাহকদের টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। গ্রাহকদের অভিযোগ, সমিতির কর্মকর্তারা সাত শতাধিক গ্রাহকের প্রায় ২৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন। বিক্ষুব্ধ গ্রাহকেরা গত শনিবার বিকেলে সমিতিটির শরীয়তপুর শহরের কার্যালয় ও সমিতির সভাপতির বাড়িতে ভিড় করেন। জেলা সমবায় কার্যালয় ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৩ জানুয়ারি ফিউচার লাইফ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে নড়িয়া উপজেলা সমবায় কার্যালয় থেকে সমিতিটির নিবন্ধন নেন উপজেলার জালিয়াহাটি গ্রামের ফারুক হোসেন খান। ২০০৮ সালের ৫ মে জেলাব্যাপী কাজ করার অনুমতি পায় এই সমিতি। ২০১১ সালের ৫ এপ্রিল নাম পরিবর্তন করে ফিউচার ডেভেলপমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে সমিতিটি কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি অবৈধভাবে ব্যাংকের আদলে গ্রাহকদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক আমানত প্রকল্প, স্থায়ী বিনিয়োগ, স্থায়ী আমানত, ডিপিএস প্যাকেজ নামে বিভিন্ন প্রকল্পের বিপরীতে টাকা জমা রাখতে শুরু করে। টাকা জমা নিয়ে গ্রাহদের প্রতি মাসে মুনাফা দিতে থাকে প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে এর গ্রাহকসংখ্যা ও আমানতের পরিমাণ বাড়তে থাকে। শরীয়তপুরে প্রতিষ্ঠানটির ইলেকট্রনিকস-সামগ্রী বিক্রির পাঁচটি কেন্দ্র রয়েছে। চারটি কার্যালয়ের ২০০ কর্মীর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করত প্রতিষ্ঠানটি। আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ এনে গত মঙ্গলবার নড়িয়ার ফতেশিলংগর গ্রামের রহিমা খাতুন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সদর থানায় মামলা করলে সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খানকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার তিনি জামিনে ছাড়া পান। এরপর প্রতিষ্ঠানটির সব কার্যালয় ও বিক্রয়কেন্দ্র বন্ধ করে সমিতির সভাপতি ফারুক হোসেন খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান পালিয়ে যান। শনিবার ও গতকাল রোববার ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা প্রতিষ্ঠানটির সবগুলো কার্যালয়, ফারুক হোসেন খান ও রফিকুল ইসলাম খানের বাড়ি ঘেরাও করেন। নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের বাদল কাজী বলেন, ‘এক লাখ টাকায় মাসিক দুই হাজার টাকা মুনাফা দেওয়ার শর্তে আমি ২৩ লাখ টাকা আমানত রেখেছি। আমার মাধ্যমে আত্মীয়স্বজনেরা আরও ৯০ লাখ টাকা আমানত রেখেছেন। সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক আপন ভাই। তাঁরা সাত শতাধিক গ্রাহককে পথে বসিয়ে পালিয়ে গেছেন।’ সদর উপজেলার সোনামুখী গ্রামের রহিমা খাতুন বলেন, ‘২০১১ সালের জুনে আমি ছয় লাখ টাকা আমানত রেখেছি। হঠাৎ জানতে পারি, কার্যালয় বন্ধ করে তাঁরা পালিয়ে গেছেন।’ গতকাল ফারুক হোসেন খানের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনটি তালাবদ্ধ। বাড়ির আঙিনায় শতাধিক গ্রাহকের ভিড়। অনেকে টাকা ফেরত পাওয়ার জন্য আর্তনাদ করছেন। উপজেলা সমবায় কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সদস্যরা ফারুক হোসেন খানের স্বজন। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নির্বাহী কমিটির বাকি পাঁচজন সদস্যের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, ‘ফিউচার ডেভেলপমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের ২৫ কোটি টাকা নিয়ে গেছে—এমন মৌখিক অভিযোগ পেয়েছি। ভাঙচুরের আশঙ্কায় প্রতিষ্ঠানটির কার্যালয় ও বিক্রয়কেন্দ্রগুলোর সামনে পুলিশ মোতায়ন করা হয়েছে।’ জেলা সমবায় কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ‘প্রতিষ্ঠানটি গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে মৌখিক অভিযোগ পেয়েছি। ২০১১-১২ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সদস্যদের সাত কোটি টাকা সঞ্চয় জমা ছিল। এ ছাড়া তারা অবৈধভাবে ব্যাংকের মতো কার্যক্রম চালিয়ে গ্রাহকদের আমানত সংগ্রহ করেছে।’