বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) প্রায় ২৫ কোটি টাকার রোগ নির্ণয়ের যন্ত্রপাতি রোগীদের কোনো কাজে আসছে না। এর মধ্যে দক্ষ টেকনিশিয়ান নিয়োগ না দিয়ে ১৩ কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করায় সেগুলো অকেজো হয়ে যাচ্ছে। আর ১২ কোটি টাকার যন্ত্রপাতি মেরামতের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে।মূল্যবান যন্ত্রপাতি চালু না থাকায় রোগীদের বেশি টাকা খরচ করে বাইরের রোগ নির্ণয়কেন্দ্রে (ডায়াগনস্টিক সেন্টার) পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে। আর চিকিৎসার জন্য নির্ভর করতে হচ্ছে বাইরের ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোর ওপর।এদিকে ৫০০ শয্যার এ হাসপাতালে চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীর ২০০ পদ শূন্য। জনবল সংকটের কারণে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।যন্ত্রপাতি অচল: স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা যায়, ২০০৬ সালে বগুড়া শহরতলীর সিলিমপুর মৌজায় প্রায় ৪০ একর জায়গার ওপর হাসপাতালটি চালু হয়। এটি নির্মাণে সরকারের প্রায় সোয়া ২০০ কোটি টাকা ব্যয় হয়। চালুর সময় প্রায় ৬৮ কোটি টাকার আধুনিকমানের রোগ নির্ণয়ের যন্ত্রপাতি সরবরাহ করা হয়। এসব যন্ত্রপাতির সামান্য কিছু চালু থাকলেও সিংহভাগই এখন চালু নেই।স্বাস্থ্য অধিদপ্তর, ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট ওয়ার্কশপ (নিমিও) ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে ছিল এমআরআই মেশিনটি। টেকনিশিয়ান মোফাজ্জল হোসেন জানান, যন্ত্রটি নষ্ট থাকায় অনেক রোগী বাইরে থেকে পরীক্ষা করেছে এতদিন। গত শুক্রবার থেকে যন্ত্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বলে জানা গেছে।এদিকে হাসপাতাল চালুর পর থেকেই ১০০০ এমএম ডিজিটাল এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে আছে। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে ‘সিয়াম’ নামের একটি যন্ত্র। অচল রয়েছে রেডিওলজি বিভাগের মেমোগ্রাফি যন্ত্রটি। দুটি আলট্রাসনোগ্রাফি যন্ত্রও দীর্ঘদিন ধরে নষ্ট। বর্জ্য ধ্বসংকারী দুটি যন্ত্রের মধ্যে একটি নষ্ট। কার্ডিওলজি বিভাগের ইটিটি মেশিন নষ্ট। এ ছাড়া ডেন্টাল বিভাগের একটি এক্স-রে মেশিন, ১১টি এনেসথেসিয়া মেশিন, চক্ষু বিভাগের একটি ফান্ডাস ক্যামেরা, একটি ইয়াগ লেজার ও কিডনি বিভাগের একটি হিমো ডায়ালাইসিস মেশিন নষ্ট হয়ে আছে। এমআরআই ছাড়া নষ্ট থাকা এসব যন্ত্রের দাম ১২ কোটি টাকা।হাসপাতালের পরিচালক আফজালুর রহমান গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘আজ রোগীরা এমআরআই পরীক্ষা করাতে পারবেন।’ তিনি জানান, অচল যন্ত্রপাতি মেরামতের জন্য প্রথমে নিমিউতে চিঠি পাঠানো হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তারা মেরামত করতে পারে না।এদিকে মেডিকেল কলেজে দক্ষ টেকনিশিয়ান এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিভাগ না খুলেই বেশকিছু মূল্যবান যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ছয় বছর ধরে পড়ে রয়েছে এনজিওগ্রাম, হিমো ডায়ালাইসিস, ইটিটিসহ বেশকিছু মূল্যবান যন্ত্রপাতি।হাসপাতালের জ্যেষ্ঠ ভাণ্ডার রক্ষকের কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা যায়, টেকনিশিয়ানের অভাবে পড়ে থাকা এসব যন্ত্রপাতির দাম প্রায় ১৩ কোটি টাকা।জনবল-সংকট: স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালের প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, এ হাসপাতালে প্রায় এক হাজার জনবলের মধ্যে কমপক্ষে ২০০ পদ শূন্য। এর মধ্যে ২৩টি আলাদা বিভাগে চিকিৎসকের অনুমোদিত পদ ১৭১টি। কর্মরত আছেন ১২৭ জন। চিকিৎসকের পদ শূন্য ৪৪টি। ২৬৮ জন সেবিকার মধ্যে কর্মরত আছেন ১৬৮ জন। প্রেষণে অন্যত্র থাকা ৪১ জনসহ ১০০ জন সেবিকার পদ শূন্য।চিকিৎসকের ৪৪ শূন্য পদের মধ্যে কার্ডিওলজি ও সার্জারি বিভাগে ১৪ জন চিকিৎসকের পদ শূন্য। জরুরি বিভাগে ১০ জন চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও আটজনই নেই। দ্বিতীয় শ্রেণীর ২৭২টি পদের মধ্যে ৫৪টি, তৃতীয় শ্রেণীর ১৩২ পদের মধ্যে ২২টি এবং চতুর্থ শ্রেণীর ৪১৩টি অনুমোদিত পদের মধ্যে ৭২টি পদ শূন্য।রোগীদের ভোগান্তি: কয়েক দিন ধরে এ হাসপাতালে আন্ত ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোগীরা এখানে ন্যূনতম সেবা পায় না। কয়েকজন অভিযোগ করেন, এখানে কোনো চিকিৎসা নেই। চিকিৎসকেরা ব্যস্ত ক্লিনিক ব্যবসা আর ব্যক্তিগত রোগী দেখা নিয়ে।গত ২৬ জুন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা সদরের সোনাকানিয়া গ্রামের আবদুল কাদের বলেন, ‘এটি (এখানে) কোনো গরিবের চিকিৎসা নাই। একসিডেনন্ট করে এটি আনো। ডাকতার সেভলন দিয়ে কাটা মাথা ধুয়ে দিয়ে বাইরে থাকে ওষুদ লিতে দিল।’আন্তবিভাগের রোগী আশরাফুল ইসলামের সঙ্গে আসা তাঁর মা আয়েশা বেগম বলেন, ‘তিন দিন হলো একসিডেন্ট করে আহত ছলডাক ভর্তি করাচি। একবারের জন্যেও ডাকতার আসেনি। তাঁরা কী মানুষ না কসাই!’সংশ্লিষ্টদের বক্তব্য: হাসপাতালের পরিচালক আফজালুর রহমান জানান, এক হাজার জনবলের বিপরীতে প্রায় ২০০ পদ শূন্য। অথচ ৫০০ শয্যার এ হাসপাতালে গড়ে প্রতিদিন ৮০০ রোগী ভর্তি থাকে। এত বেশি রোগী সামাল দিতে গেলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করাটা অসম্ভব ব্যাপার।জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালটিতে যন্ত্রপাতি অচল ও জনবল সংকটের বিষয়টি জানা ছিল না। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’