লাকসাম-চাঁদপুর রেলপথে ২৫ ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রসঙ্গত, গত রোববার বিকেলে লাকসামের চিতোষী রোড স্টেশনের হোম এবং আউটার সিগন্যালের মাঝখানে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী একটি তেলভর্তি ট্রেন (চাঁদপুর ট্যাংক স্পেশাল) দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের পাঁচটি ট্যাংকলরি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ শেষ এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে গতকাল সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে রেললাইন চালু করা হয়।লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. লিয়াকত আলী বলেন, দুর্ঘটনায় প্রায় আধা কিলোমিটার রেললাইনের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পরীক্ষামূলকভাবে প্রথমে রিলিফ ট্রেন ও পরে একটি ইঞ্জিন চালানো হয়।লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো) মো. আবদুল আজিজ বলেন, রেললাইন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রিলিফ ট্রেন নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আট ঘণ্টা সময় লেগে যায়। লাকসাম রেলওয়ে সূত্র জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, রেললাইন বেঁকে অতিরিক্ত ফাঁক হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) সুকুমার ভৌমিক বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।