২৫ ঘণ্টা বিদ্যুৎহীন নেত্রকোনা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় নেত্রকোনা শহর গত রোববার রাত থেকে ২৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এরপর বিদ্যুৎ এলেও গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে রোগীসহ গ্রাহকেরা দুর্ভোগে পড়েন।
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কেন্দ্রের সুইচ বোর্ড এজেন্ট (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান গতকাল বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, প্রায় ২৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ না থাকায় পাওয়ার সাবস্টেশনগুলো বসে যায়। এগুলো সচল করতে কিছুটা সময় লেগেছে।
এলাকাবাসী ও নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত একটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা এলাকায় বিসিক শিল্পনগরীর কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে খুঁটিটি ভেঙে পড়ে। এরপর থেকে নেত্রকোনা শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। সোমবার দিনভর নতুন খুঁটি লাগিয়ে দিবাগত রাত দুইটার দিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। তবে ১০ মিনিট পরই বিদ্যুৎ চলে যায়। এরপর থেকে চলে আসা-যাওয়ার খেলা। শেষ রাতে আবার সংযোগ দিয়ে গতকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন রাখা হয়। তারপর থেকে সরবরাহ করা হলেও এক-দেড় ঘণ্টা পরপর লোডশেডিং চলে। রাত আটটার দিকে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
বিদ্যুৎ না থাকায় হাসপাতালের রোগীসহ গ্রাহকেরা দুর্ভোগে পড়েন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুসহ রোগীরা অক্সিজেন ও শ্বাসকষ্টের সমস্যায় নেবুলাইজার নিতে পারছে না।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমান গতকাল সকাল ১০টার দিকে বলেন, গভীর রাতে বিদ্যুৎ এলেও শেষ রাতে চলে যায়। এখন আবার এসেছে। এতে রোগীদের সমস্যায় পড়তে হয়েছে। জেনারেটরও বেশিক্ষণ চালিয়ে রাখা যায় না।
শহরের জয়নগর এলাকার মো. খলিলুর রহমান বলেন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন জিনিস নষ্ট হয়ে গেছে। পানির অভাবে রান্নাবান্না করতে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাসনাইন জামান গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, আশা করা যাচ্ছে, ঘণ্টা দুয়েকের মধ্যে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।