চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের প্রায় ২৫ ঘণ্টার দুর্ভোগের পর গতকাল বুধবার বিকেলে রাজশাহীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখা গত মঙ্গলবার বেলা তিনটা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, তাঁর কার্যালয়ে গতকাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম, র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম, রাজশাহীর সিভিল সার্জন ফেরদৌস নীলুফারও উপস্থিত ছিলেন। র্যাবের ম্যাজিস্ট্রেট জরিমানার বিষয়টির আইনি ব্যাখ্যা দেন। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সহসভাপতি ডা. ফয়সাল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিভিল সার্জনের সম্মানে তাঁরা গতকাল বিকেল চারটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। ফয়সাল কবীর বলেন, তাঁদের দুই আটক কর্মকর্তাকে ছাড়িয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলমসহ রাজশাহীর সিভিল সার্জনের প্রতিনিধি স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ হোসেন ও র্যাবের স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনটি বেসরকারি হাসপাতাল থেকে বাংলাদেশ ও ভারতের সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম (শল্যচিকিৎসার উপকরণ) উদ্ধার করা হয়। অভিযানে তিনটি হাসপাতালকে সোয়া আট লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ না করায় দুটি হাসপাতালের ব্যবস্থাপককে আটক করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার বেলা তিনটা থেকে রাজশাহীর সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।
রাজশাহী নগরের বিনোদপুর এলাকার বাসিন্দা স্থপতি মৌসুমী আক্তারের স্বজনেরা নগরের একটি ক্লিনিকে ধর্মঘটের কারণে তাঁর নাজেহাল হওয়ার অভিযোগ করেন। মৌসুমীর বোন প্রকৌশলী মৌটুসী আক্তার প্রথম আলোকে অভিযোগ করে বলেন, পিত্তথলির পাথর নিয়ে তাঁর বোন এর আগে একবার ওই ক্লিনিকে ভর্তি হন। কিন্তু সে সময় ভুল চিকিৎসার শিকার হন। ব্যথা না কমায় আবারও সেখানেই ভর্তি করা হয় মৌসুমীকে। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে নিতে চাচ্ছিল পরিবার। কিন্তু ধর্মঘটের কারণে ক্লিনিকে তালা লাগিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে মৌসুমীকে বের করতেও দেওয়া হয়নি। গতকাল ধর্মঘট প্রত্যাহারের ঘণ্টা দুয়েক আগে তাঁর বোনকে ছেড়ে দেওয়া হয়।
ধর্মঘট চলার সময় নগরের লক্ষ্মীপুর এলাকার বেশির ভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ ছিল। গতকাল বেলা তিনটার দিকে সেই এলাকায় গিয়ে দেখা যায়, ধর্মঘটের কথা না জানা অনেক রোগী ও তাঁদের স্বজনেরা হাসপাতাল ও ক্লিনিকগুলোর গেটে বসে আছেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, আমানা হাসপাতালের জরিমানার সাড়ে তিন লাখ টাকা মঙ্গলবার রাতেই পরিশোধ করা হয়। ফলে হাসপাতালের ব্যবস্থাপক মোবারক হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।