গাইবান্ধা জেলা শহরের অদূরে পুলবন্দী ফলিয়া স্থানে গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বনভোজনের একটি বাস উল্টে মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে শিক্ষকসহ অন্তত ২৫ শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীরা হচ্ছে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে রাফিক মিয়া (১৪) ও আহসান আলীর ছেলে মোকছেদ মিয়া ওরফে হাসান (১৪)। দুই শিশুই ফুলছড়ির খবিরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ত।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন দুর্ঘটনায় দুজন নিহত ও ২৫ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সকাল আটটার দিকে খবিরিয়া দাখিল মাদ্রাসার ১০৭ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী দুটি বাস ভাড়া করে দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে যান। বনভোজন শেষে সেখান থেকে ফেরার পথে একটি বাস গাইবান্ধা শহরে যাত্রাবিরতি করে। অপর বাসটি (ঢাকা-মেট্রো-জ-২৮৯৩) গাইবান্ধা শহর থেকে রাত নয়টা ২৫ মিনিটে ফুলছড়ির কঞ্চিপাড়া গ্রামের দিকে রওনা দেয়। রাত সাড়ে নয়টার দিকে শহর থেকে এক কিলোমিটার দূরে গাইবান্ধা-বালাসী সড়কের পুলবন্দী ফলিয়া স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে (স্থানীয়ভাবে যানবাহনটি কাঁকড়া নামে পরিচিত) অতিক্রম করার সময় বাসচালক নিয়ন্ত্রণ হারান। বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে রাফিক ও মোকছেদ মারা যায়। আহত হয় ২৫ শিক্ষার্থী ও শিক্ষক। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাচজনের অবস্থা গুরুতর।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও গাইবান্ধা শহর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা বাসটি উদ্ধার করতে পারেননি। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
খবর পেয়ে গাইবান্ধার জেলা প্রশাসক মো. এহছানে এলাহী ও পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান।
দুর্ঘটনায় আহত খবিরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান ও মাসুদ মিয়া বলেন, প্রতিবছরের মতো এবারও তাঁরা শিক্ষার্থীদের নিয়ে বনভোজন করতে স্বপ্নপুরীতে যান। রাত নয়টা ২৫ মিনিটে গাইবান্ধা শহর থেকে রওনা দেন। তিন কিলোমিটার পরেই ছিল সবার বাড়ি। কিন্তু বাসটি পুলবন্দী ফলিয়া এলাকায় পৌঁছালে চালক সামনে একটি যানবাহনের আলো দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই সবাই হইচই শুরু করে।
শিক্ষকেরা জানান, গাইবান্ধা-বালাসি সড়কটি খুব সরু। পুলবন্দী ফলিয়া এলাকায় দুর্ঘটনাস্থলের পাশেই ছিল একটি খাল। বাস উল্টে খালে পড়ায় এতজন হতাহত হয়েছে।
দুর্ঘটনায় আহত দশম শ্রেণীর ছাত্র আবদুর রাজ্জাক বলে, ‘চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিল। হঠাৎ বাসটি কীভাবে উল্টে গেল বুঝলাম না। আমরা বাসের নিচ থেকে চিৎকার করছিলাম। পরে লোকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে আসে।’