রাজশাহীর বাগমারায় খয়রা বিলে মাছ ধরা নিয়ে গত রোববার সকালে জেলে ও দখলদার পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রাতেই এক কাউন্সিলরসহ ২৫ জেলের বিরুদ্ধে দখলদারপক্ষ বাগমারা থানায় মামলা করলে গতকাল সোমবার দুই জেলেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, গত রোববার সকালে ১৪৪ ধারা ভেঙে দখলদারেরা বিলে মহড়া দিলে জেলেরা তাঁদের প্রতিরোধ করতে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে বোরহান উদ্দিন নামের এক দখলদার আহত হন। পরে তাহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইচ উদ্দিনের নেতৃত্বে দখলদারেরা স্থানীয় এক জেলে ও ওয়ার্ড কাউন্সিলর আবদুল ওয়াহাবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
কাউন্সিলর ওয়াহাব অভিযোগ করেন, রোববার রাতে দখলদারদের পক্ষে বোরহান বাদী হয়ে তাঁকে ও তাঁর ভাই পৌরসভার কর্মকর্তা আবদুল ওয়াহেদসহ স্থানীয় ২৫ জেলেকে আসামি করে মারপিটের অভিযোগে মামলা করেন। কিন্তু তাঁর বাড়িতে হামলার অভিযোগে মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ তাঁদের মামলা না নিয়ে প্রভাবশালীদেরটা নিয়ে এলাকার সাধারণ লোকজনকে হয়রানি করছে।
এদিকে খয়রা গ্রামের বাসিন্দারা জানান, দখলদারদের মামলা গ্রহণের পর রাতেই পুলিশ গ্রামে অভিযান চালিয়ে জেলে দুলাল ও শামীমকে আটক করেছে। তাঁদেরকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল সকালেও গ্রামটিতে অভিযান চালানো হয়েছে। তবে আতঙ্কিত লোকজন আত্মগোপন করে থাকায় কাউকে ধরতে পারেনি পুলিশ।
তবে থানার ওসি আবদুল হামিদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তা ছাড়া জেলেদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেনি বলেও দাবি করেন তিনি।
গত মার্চে উপজেলার খয়রা বিলে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতা-কর্মী মিলে মাছ ছাড়েন। এর পর থেকে বিলটিতে তাঁরা সাধারণ জেলেদের আর নামতে দিচ্ছেন না। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে প্রশাসন বিলে ১৪৪ ধারা জারি করে। এর পরও বিলের নিয়ন্ত্রণ নিতে উভয় পক্ষে একাধিকবার সংঘর্ষও হয়েছে।