মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের একজন ‘বিদ্রোহী’সহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর তিনটি আসনে বিএনপির সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বুধবার। তিনটি আসনে গতকাল পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলসহ বিভিন্ন দলের মোট ২৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মানিকগঞ্জ-১
শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ নাঈমুর রহমান দুর্জয়। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় এই আসনের সাবেক সাংসদ আনোয়ারুল হক দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তিনজন। গতকাল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির, সহসভাপতি খোন্দকার আবদুল হামিদ এবং যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক মনোনয়নপত্র জমা দেন। তোজাম্মেল হক কারাগারে থাকায় তাঁর পক্ষে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ ছাড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান, জাকের পার্টির মুহাম্মদ আতোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের খোরশেদ আলম এবং গণঐক্য নামের নতুন জোটের ফারুক হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মানিকগঞ্জ-২
এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান ও সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান দলীয় মনোনয়ন জমা দেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ আবদুল মান্নান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোহাম্মদ ফেরদৌস আহমেদ আসফি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও মাসুম মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মানিকগঞ্জ-৩
ভোটের রাজনীতিতে মর্যাদাপূর্ণ এই আসন সাটুরিয়া উপজেলা, জেলা সদরের সাতটি ইউনিয়ন এবং মানিকগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান এবং জেলা বিএনপির নেতা আতাউর রহমান। আতাউর রহমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। মঙ্গলবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন।
তা ছাড়া এই আসনে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জহিরুল আলম, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম হোসেন এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।