২৫ জুন কোচ বিহারের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন নিয়ে ২৫ জুন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তুতি নিচ্ছেন ওই জেলার কর্মকর্তারা। খবর দ্য স্টেটসম্যানের।
সীমান্ত চুক্তি বিষয়ে কিছু স্পর্শকাতর ইস্যু মোকাবিলা করতে হবে কোচবিহারের কর্মকর্তাদের। এ ছাড়া ১৯৭৪-এর সীমান্ত চুক্তি বাস্তবায়নের পদক্ষেপকে ছিটমহলের বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সংস্থাগুলো স্বাগত জানালেও আসন্ন দিনগুলোতে তাদেরও বেশ কিছু এজেন্ডা নিয়ে কাজ করতে হবে।
গত ৬ জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা ওই চুক্তিকে এক পক্ষ স্বাগত জানানোর প্রস্তুতি নিলেও কোচবিহারের ফরওয়ার্ড ব্লকসহ বেশ কয়েকটি সংগঠন ২৬ জুন তিনবিঘা করিডর ইস্যুটি নিয়ে বিক্ষোভের পরিকল্পনা করছে।
১৯৯২ সালের ২৬ জুন তিনবিঘা করিডর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এর প্রতিবাদে ওই দিন বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হন। ওই দুজনের স্মরণে ফরওয়ার্ড ব্লকসহ অন্যান্য সংগঠনের নেতারা ২৬ জুন তিনবিঘা করিডরের কাছে ‘শহীদ দিবস’ পালন করবেন। তিনবিঘা করিডর-সংলগ্ন আঙ্গরপোতা ও দহগ্রামের জমির দাবিতে বিজেপি এবং কুচলিবাড়ি সংগ্রাম সমিতিসহ আরও কিছু সংগঠন নতুন করে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা কুচলিবাড়ি নামের আরেকটি এলাকাকে রক্ষায় করিডর ধারণা বিলোপ করার দাবি জানিয়ে আসছে।
এদিকে ভারতের ছিটমহলের সব বাসিন্দাকে কোচবিহারে পুনর্বাসন করতে দেওয়া হবে না জানিয়ে সম্প্রতি প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। সংগঠনটির সভাপতি বানসি বদন বর্মণ বলেন, বাংলাদেশ অংশের ভারতীয় ছিটমহল থেকে আসা ব্যক্তিদের কোচবিহারের বাইরে আনুপাতিক হারে পুনর্বাসন করা উচিত। জনসংখ্যা কমানোর লক্ষ্যেই তাঁরা এ দাবি জানিয়েছেন।