২৫ জুলাই গণ-অনশন নয়, বিক্ষোভ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেবে না আশঙ্কায় ২৫ জুলাই সেখানে গণ-অনশনের কর্মসূচি করবে না বিএনপি। অনশনের বদলে ওই দিন বিক্ষোভ করবে দলটি।গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সরকার যে পল্টন ময়দানের অনুমতি দেবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে তাঁরা ৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেন। কিন্তু গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত অনুমতি পাননি। আজ শুক্রবার ও কাল শনিবার সরকারি ছুটি। কাজেই এই দুই দিনও অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই। তাই তাঁরা ধরে নিয়েছেন, সরকার বিএনপিকে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দিচ্ছে না। এ কারণে ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রিজভী আহমেদ বলেন, তাঁরা গণ-অনশন কর্মসূচির সব প্রস্তুতি শেষ করে এনেছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ উপলক্ষে বিভিন্ন পেশাজীবী ও জোট এবং সমমনা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন। দলের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে যৌথ সভাও করা হয়েছে। কিন্তু অনুমতি না পাওয়ায় কর্মসূচি পরিবর্তন করতে হয়েছে। রিজভী আহমেদ বলেন, সরকার বিভিন্ন কায়দায় বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের চেষ্টা করছে। এর আগে হরতাল ও মানববন্ধন কর্মসূচিতে পুলিশ ও সরকারের ক্যাডাররা হামলা চালিয়েছে।