২৫ জুলাই থেকে তথ্য সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ড ও ১৫ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে। নির্বাচন কার্যালয়ের তথ্য সংগ্রহকারীরা আগামী ৯ আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এরপর আগামী ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে ছবি তোলার কাজ। আগামী বছরের ২ জানুয়ারি এ-সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নগর ও জেলায় তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়ক নিয়োগের ব্যাপারে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে। নগরে থানা ও মফস্বলে উপজেলা নির্বাচন কর্মকর্তারা হালনাগাদ কার্যক্রম তদারকি করবেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রথম আলোকে বলেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। ২০০০ সালের ১ জানুয়ারি কিংবা এর আগে যাঁদের জন্ম হয়েছে তাঁরা হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এ জন্য অভিভাবকের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে দেখা হবে। এ ছাড়া তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য এ সময় তথ্য সংগ্রহকারীরা মৃত ভোটারের তথ্য সংগ্রহ করবেন।

আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে ২০১৪ সালে নগরে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম পরিচালিত হয়েছিল। গত বছরের জুন পর্যন্ত চট্টগ্রামের ১৫ উপজেলা ও নগরের ১৬ থানায় পুরুষ ২৮ লাখ ৩৩ হাজার ৩৭৮ জন এবং নারী ভোটার ২৬ লাখ ৪৯ হাজার ১৭৭ জন। তবে ২০১৬ সালের শেষ পর্যন্ত ব্যক্তি উদ্যোগে থানা কিংবা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অনেকে ভোটার হয়েছেন।

নগরের চান্দগাঁও থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম প্রথম আলোকে বলেন, ‘হালনাগাদ কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতি বছর আমরা নতুন ভোটার অন্তর্ভুক্ত করি। সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার অনুরোধ করা হচ্ছে। ভুল তথ্য দিয়ে কেউ ভোটার হলে তাঁরা বেকায়দায় পড়বেন।’