২৫ জুলাই ভারতে যাচ্ছেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তিন দিনের ভারত সফরে আসছেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে নতুনভাবে আলোচনা হবে বলে জানা গেছে। তবে সরকারি সফর না হওয়ায় এ সময় কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। দীপু মনি ২৫ জুলাই ভারতে আসছেন একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে খুরশিদ একটি ভোজসভার আয়োজনও করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের যেসব বিষয় নিয়ে এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, এই সফরে সেগুলোর সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তিন বছর আগে ২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন আঙ্গিকই শুধু উন্মুক্ত হয়নি, নতুন গতিও সঞ্চারিত হয়েছে।তবে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও তিস্তার পানি বণ্টন ও ছিটমহল বিনিময়সহ সীমান্ত চুক্তি বিষয়ে এখনো মীমাংসা হয়নি। ব্যক্তিগত সফর হলেও ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সময় এই দুটি বিষয় দীপু মনি কথা বলবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন দীপু মনি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করে বলা হচ্ছে, সরকারের দিক থেকে প্রতিশ্রুতি পালনে চেষ্টার কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে। তাঁকে বোঝানোর চেষ্টাও অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকারের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের পর এই বিষয়ে নতুনভাবে আলোচনা শুরু হবে। সরকারি সূত্রে জানা গেছে, সংসদের বর্ষাকালীন অধিবেশনে সীমান্ত চুক্তি বিলটি পেশ করা হবে। বিলটি পাস করাতে সংসদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। এই সফরে দীপু মনি ভারতীয় সংসদের দুই কক্ষের বিজেপির দুই প্রধান নেতা, লোকসভার সুষমা স্বরাজ ও রাজ্যসভার অরুণ জেটলির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।