২৫ ডিলার চাল তোলেননি, বাইরে বিক্রির ফন্দি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দুদিন পরই এপ্রিলের তৃতীয় সপ্তাহ শেষ হবে। এত দিনেও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ জন ডিলার এ মাসের চাল উত্তোলন করেননি। ফলে তাঁদের আওতাধীন হাজারো হতদরিদ্র ব্যক্তি ১০ টাকা কেজি দরের চাল কিনতে পারেননি।
খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী ব্যক্তিদের অভিযোগ, ওই ডিলাররা ইচ্ছে করে চাল তুলতে দেরি করছেন। পরে স্বল্প সময়ের কারণে এসব চাল তাঁরা আর কিনতে পারবেন না। ডিলাররা তখন ১০ টাকা কেজি দরের এই চাল বেশি দামে বাইরে বিক্রি করবেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির জন্য ৪৭ জন ডিলার রয়েছেন। প্রতি মাসে খাদ্যগুদাম থেকে তাঁদের চাল তোলার কথা। গতকাল বুধবার পর্যন্ত তাঁদের ২২ জন চাল তুলেছেন। এ উপজেলায় প্রায় ২৭ হাজার উপকারভোগী ব্যক্তি রয়েছেন।
গতকাল সরেজমিনে গাংগাইল, শেরপুর ও খারুয়া ইউনিয়নে দেখা যায়, অধিকাংশ ডিলারের দোকান বন্ধ। একটি দোকান খোলা থাকলেও চাল বিক্রি হচ্ছে না।
শেরপুরের রাজাবাড়িয়া বাজারের ডিলার মো. শামছুল হকের দোকানটি বন্ধ পাওয়া যায়। পাশের এক দোকানি বলেন, চলতি মাসে ওই দোকান থেকে চাল বিক্রি হতে দেখেননি তিনি।
ডিলার মো. শামছুল হক মুঠোফোনে বলেন, একটি মামলায় হাজিরা দিতে তিনি ময়মনসিংহে এসেছেন। তাই গুদাম থেকে চাল উত্তোলন করতে পারেননি।
খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে গিয়ে দেখা যায়, ডিলার খাদিজা আক্তারের দোকান বন্ধ। পাশের এক দোকানমালিক বলেন, তিন সপ্তাহ ধরে ওই দোকানটি খোলা হয়নি।
এ বিষয়ে কথা বলার জন্য খাদিজা আক্তারের স্বামী শওকত আলী মুঠোফোনে বলেন, ‘চাল উত্তোলনের চাহিদাপত্র (ডিও) জমা দিয়েছি চলতি মাসের প্রথম সপ্তাহে। আমাকে সিরিয়াল দেওয়া হয়েছে আজকের (বৃহস্পতিবারের)। আগামী সপ্তাহ থেকে চাল বিক্রি করতে পারব।’
একই ইউনয়নের দেওয়ানগঞ্জ বাজারে ডিলার মো. বদরুল ইসলাম মল্লিক বলেন, চাল উত্তোলনের চাহিদাপত্র জমা দেওয়া আছে। গাড়ি জোগাড় করতে না পারায় তিনি চাল তুলতে পারেননি।
গতকাল বেলা দেড়টার দিকে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজারের ডিলার মো. আবদুল হাকিমকে পাওয়া যায়। সময়মতো চাল উত্তোলন না করার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ঝামেলা ও দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কথা জানান।
সহকারী খাদ্য কর্মকর্তা শাহ মো. আবদুল আজিজ বলেন, ‘আমি তো গুদাম খুলে বসে আছি। ডিলাররা এলেই চাল নিতে পারেন। সিরিয়ালের জন্য দেরি হওয়ার প্রশ্নই ওঠে না।’