২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষানীতির সংশোধনের দাবি, নইলে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতির চূড়ান্ত খসড়াকে ধর্মহীন দাবি করে তা সংশোধনের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। দাবি আদায় না হলে আগামী ২৬ ডিসেম্বরের পর যেকোনো দিন হরতাল ডাকার হুমকি দিয়েছে ধর্মভিত্তিক দলগুলোর এ সংগঠনটি।গতকাল মঙ্গলবার মুক্তাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পরিষদের নেতারা এ ঘোষণা দেন। একই দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় গত সোমবার মৎস্য ভবনের সামনে তাদের ওপর পুলিশের লাঠিপেটা ও নির্যাতনের প্রতিবাদে ওলামা মাশায়েখ পরিষদ গতকাল এ বিক্ষোভ সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে উপস্থিত শ দুয়েক শ্রোতার প্রায় সবাই জামায়াতে ইসলামী ও তার ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে জানা যায়। সমাবেশ পরিচালনা করেন জামায়াতের আরেকটি সহযোগী সংগঠন আহকামে শরিয়াহ হেফাজত কমিটির মহাসচিব আবদুস সবুর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘২৫ ডিসেম্বরের মধ্যে সরকারকে ধর্মীয় শিক্ষাসংবলিত নীতি প্রণয়ন করতে হবে। নইলে ২৬ তারিখের পর যেকোনো দিন অবশ্যই আমরা হরতাল ঘোষণা করতে বাধ্য হব।’সভাপতির বক্তব্যে ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, ধর্মহীন শিক্ষা আল্লাহর কাছে কোনো শিক্ষা না। ধর্মীয় শিক্ষাই একমাত্র মৌলিক শিক্ষা।