২৫ দিন অজ্ঞাত স্থানে 'বন্দী' থাকার পর বাড়ি ফিরেছে নজরুল
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খয়ারপুর গ্রামের নজরুল ইসলাম (১৬) কোনো অপরাধ না করেই ২৫ দিন অজ্ঞাত স্থানে ‘বন্দী’ অবস্থায় কাটিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে বাড়ি থেকে টঙ্গীর উদ্দেশে বের হওয়ার পর নজরুলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে দেশের বিভিন্ন থানা ও হাসপাতালে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে গত ২১ জানুয়ারি নজরুলের বাবা মো. শফিকুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ নজরুলের সন্ধান দিতে পারেনি।
গতকাল মঙ্গলবার সকালে নজরুল বাড়িতে ফিরে আসার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সুস্থ অবস্থায় ছেলে ফিরে আসায় খুশি হয়ে স্থানীয় এক মাদ্রাসায় গিয়ে সেখানকার শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান পরিবারের লোকজন।
নজরুল জানায়, সে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় শ্রমিক ঠিকাদার মো. শিপন মিয়ার অধীনে রাজমিস্ত্রির কাজ করত। বাড়িতে কিছুদিন ছুটি কাটিয়ে গত ১৭ জানুয়ারি কর্মস্থলের উদ্দেশে বের হয়। মাওনা চৌরাস্তায় পৌঁছানোর পর পুলিশ তাঁকে আটক করে। পরে তার সমবয়সী অনেক কিশোরের সঙ্গে তাকে একটি চারতলা বাড়িতে নিয়ে আটকে রাখে। পুলিশ তার পরিচয় সম্পর্কে সবকিছু জেনে নিলেও বাড়িতে কোনো খবর দেয়নি। ফলে বাড়ির লোকজন নজরুলের নিখোঁজ হওয়ার খবরে দুশ্চিন্তায় পড়েন। গত ২৩ জানুয়ারি প্রথম আলোয় ‘নজরুলের সন্ধান পাচ্ছে না তার পরিবার’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
নজরুল জানায়, পুলিশ তাকে কী অভিযোগে আটক করেছে, তা সে জানে না। সেদিন বাস থেকে নামার পর মাওনা চৌরাস্তা এলাকায় একটি বাস পুড়তে দেখে সে। পরে সেখান থেকে পুলিশ তাকে আটক করে একটি চারতলা বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে ২৫ দিন বন্দী থাকার পর গত বৃহস্পতিবার ছাড়া পায়। নজরুল জানায়, ঠিকাদার শিপন মিয়া তাকে সেখান থেকে ছাড়িয়ে এনেছেন। নজরুলের বাবা শফিকুল বলেন, ‘ছেলেকে ফিরে পেয়েছি, এটাই বড় কথা। আমরা গিরব মানুষ।’ গত ২৫ দিন তিনি গোটা পরিবারকে নিয়ে দুঃস্বপ্নের মধ্যে কাটিয়েছেন। তিনি ছেলেকে আর বাইরে পাঠাবেন না বলে জানান।
গতকাল শিপন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে ফোন ধরেন পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম। নজরুল গ্রেপ্তার হওয়ার বিষয়ে জানতে চাইলে জাহিদুল বলেন, তিনি গতকাল এ থানায় যোগ দিয়েছেন। তিনি এ বিষয়ে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নবী হোসেন বলেন, গত ১৭ জানুয়ারি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় নজরুল ইসলাম নামে কোনো কিশোরের নাম নেই। কারা ওই কিশোরকে আটক করেছে, সে সম্পর্কে থানায় কোনো তথ্য নেই।