২৫ দিন আগেই কালীগঞ্জ মুক্ত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ১৬ ডিসেম্বরের আগেই যেসব অঞ্চল মুক্ত হয়েছিল, কেমন ছিল সেসব অঞ্চলের পরিবেশ, মানুষের আবেগ-অনুভূতি? এরকম ১৬টি এলাকার আনন্দ-বেদনার দিনলিপি গ্রন্থিত হয়েছে বিজয়ের মাস–এ
বাংলাদেশ স্বাধীন হয় ১৬ ডিসেম্বর। তার ২৫ দিন আগে ২০ নভেম্বর মুক্তিযুদ্ধের দামাল ছেলেরা মুক্ত করেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ মুক্ত হলেও এখানকার লোকজনের মধ্যে স্বস্তি ছিল না। অনিশ্চয়তার মধ্যে দিন কাটত তাঁদের। আবার কখন পাকিস্তানি বাহিনী হামলা করে—সবার মধ্যে ছিল এই আতঙ্ক। মানুষের আতঙ্ক দূর করতে মুক্তিযোদ্ধারা নিজেদের মতো করে গড়ে তুলেছিলেন প্রশাসন। গত ২৮ নভেম্বর কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে বসে এসব কথা বলছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ও সুরত হোসেন।
কালীগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস সবিস্তারে বর্ণনাকালে নাসির উদ্দিন বলেন, ‘ঢাকায় গণহত্যার পর যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল কালীগঞ্জের তরুণেরা। বাঁশের লাঠি নিয়ে প্রশিক্ষণ নিচ্ছি অনেকে। চরম উত্তেজনা আমাদের মধ্যে। দিনটা ছিল ১৯৭১ সালের ১৯ এপ্রিল। পাক বাহিনী এসে আস্তানা গাড়ে সাতক্ষীরা শহরের টাউন স্কুলে। আস্তে আস্তে শহর ছাড়িয়ে গ্রামেও ভীতি ছড়িয়ে পড়ে। সাতক্ষীরায় পাক বাহিনীর আসার সংবাদ পেয়ে আমরা সীমান্ত পেরিয়ে ভারতের হিঙ্গলগঞ্জ ও টাঁকীতে আশ্রয় নিই। সেখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে নাম লেখাই।
‘পাক বাহিনী সাতক্ষীরা থেকে দুই-তিন দিনের মধ্যে কালীগঞ্জে আস্তানা গাড়ে। মে মাসের শেষের দিকে পাক বাহিনী আর রাজাকাররা মিলে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। যাকে-তাকে ধরে নিয়ে নির্যাতন করতে থাকে। ভয়ে মানুষ সবকিছু ফেলে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ছুটে যেতে থাকে ভারতে। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত পাক বাহিনী আর রাজাকারদের নির্যাতন ও ধ্বংসযজ্ঞে গ্রামগুলো একপ্রকার মানুষশূন্য হয়ে পড়ে।
‘১৯ নভেম্বর সকালে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলো কালীগঞ্জ মুক্ত করার। সীমান্ত নদী ইছামতী পেরিয়ে কালীগঞ্জের উকসা গ্রামে কয়েকটি দলে আমরা মুক্তিযোদ্ধারা জড়ো হলাম। নানা ধরনের অস্ত্রপাতি ফিট করা হলো। বিকেল বেলায় একজনকে দিয়ে পাক বাহিনীর সুবেদার ইয়াসিন আলী খানের কাছে একটি চিঠি পাঠানো হলো। চিঠিতে লেখা হলো: “আগামীকাল ঈদ। আমরা মুক্তিযোদ্ধারা কালীগঞ্জ মুক্ত করে ওখানে নামাজ পড়ব। তোমরা কালীগঞ্জ ছেড়ে চলে যাও, না হয় আত্মসমর্পণ করো।” এই চিঠির কোনো জবাব দিল না পাক বাহিনী। গভীর রাতে পাক বাহিনীর গাড়ি চলাচলের শব্দ ভেসে আসতে লাগল। আমরা মনে করলাম, সাতক্ষীরা থেকে আরও পাক বাহিনীর সদস্য ও গোলাবারুদ নিয়ে আসা হচ্ছে। আমরাও মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়ালাম। বেশি বেশি গোলাবারুদ নিয়ে এলাম। ২০ নভেম্বর ভোর পাঁচটা থেকে মর্টার ছোড়া শুরু করলাম। একের পর এক মর্টারের বিকট শব্দে কালীগঞ্জ কাঁপছে তখন। এভাবে সকাল নয়টা পর্যন্ত চলল মর্টার আক্রমণ। কিন্তু পাল্টা কোনো জবাব এল না। আমরা তখন ভাবছি, পাক বাহিনী কি নতুন কোনো কৌশল নিল। সকাল ১০টার দিকে খবর আসে, পাক বাহিনী গভীর রাতে কালীগঞ্জ থেকে পালিয়ে দেবহাটার কুলিয়া এলাকায় আস্তানা গেড়েছে। আমরা ১১টার দিকে কালীগঞ্জের দখল নিই।’
মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বলেন, ‘কালীগঞ্জ মুক্ত হওয়ার পর এখানে কোনো প্রশাসন ছিল না। থানায় ঘর থাকলেও একজন পুলিশও ছিল না। দুজন সার্কেল অফিসারের কেউই ছিলেন না। তাঁদের অফিসে কর্মচারীও ছিল না। গ্রামগুলোতেও লোকজন ছিল কম। যারা ছিল, তারা সবাই ছিল চরম ভয়ে ভয়ে। রাতে আলো জ্বালানো যেত না। সাইকেল, না হয় হেঁটে যাতায়াত করতে হতো। তখনো বাংলাদেশের অন্যান্য অঞ্চল মুক্ত হয়নি। এ কারণে আবার কখন পাকিস্তানি বাহিনী হামলা করে—এ ভয় ও উৎকণ্ঠা ছিল সবার মধ্যে।’
মুক্তিযোদ্ধা সুরত হোসেন বলেন, ‘গ্রামের মানুষের ভয় আর আতঙ্ক কীভাবে দূর করা যায়, এ জন্য আমরা অনেক চিন্তাভাবনা করে ১২টি ইউনিয়নে ১২টি মুক্তিযোদ্ধা ক্যাম্প তৈরি করলাম। ভারত থেকে এসে যাতে ডাকাতি না করতে পারে, এ জন্য সীমান্ত এলাকায় অতিরিক্ত আরও ছয়টি ক্যাম্প তৈরি করা হলো। মুক্তিযোদ্ধা ক্যাম্পগুলো পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হলো মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নাসির উদ্দিন, শেখ ওহেদুজ্জামান, শেখ আকবর আলী ও আবদুল বারেকের ওপর। পাশাপাশি কোথাও কোনো ধরনের গন্ডগোল হলে তারাই নিষ্পত্তি করবে।
‘নভেম্বর মাস শেষ হলো। সাতক্ষীরা মুক্ত হয়নি তখনো। আমরা সাতক্ষীরা মুক্ত করার জন্য নানা পরিকল্পনা নিয়ে সাতক্ষীরা অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করলাম। পরিকল্পনামতো ৬ ডিসেম্বর কালীগঞ্জের মুক্তিযোদ্ধারাও আলীপুর ও মাহমুদপুরে অবস্থান নেয়। ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত হয়। এরপর আস্তে আস্তে ভারত থেকে মানুষ তাদের বাড়িতে ফিরতে শুরু করে।
‘কালীগঞ্জ মুক্ত হওয়ার আগে ১৯ নভেম্বর শ্যামনগর উপজেলা মুক্ত হয়। ৭ ডিসেম্বরের পর সাতক্ষীরা জেলার ভার গ্রহণ করে মুক্তিযোদ্ধারা।’