২৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাজমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ ২৫ দিন পর কবর থেকে রোববার উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা মেহনাজের উপস্থিতিতে তাঁর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
লাশ উত্তোলনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর রশীদ, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হুমায়ুন রেজা, লতিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামে সৈকত মিয়া নামে এক ব্যক্তি শিয়ালের উপদ্রব থেকে মুরগি রক্ষায় খামারের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করেন। গত ২৫ মে ওই গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (২৮) হাঁসের বাচ্চা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অসাবধানতাবশত মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে হাত আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমা মারা যান। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় নিহত নাজমার পরিবারকে ম্যানেজ করে পুলিশকে না জানিয়ে লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আছের আলী বাদী হয়ে সৈকতসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) হুমায়ুন রেজা বলেন, আদালত নাজমার মৃত্যুর কারণ জানতে লাশ উত্তোলনের জন্য নির্দেশ দেন। এই নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
সৈকত মিয়া পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।