২৫ দিন পর খুলনা মেডিকেলে চালু হলো অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ দিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে অ্যাম্বুলেন্স সেবা। গতকাল শনিবার সকাল থেকে এ সেবা চালু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ হাসপাতালের তত্ত্বাবধায়ক আনন্দ মোহন সাহাকে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা চালু করতে বলেন। এ সময় তিনি পাম্পে জ্বালানির বকেয়া টাকা দ্রুত ছাড় করার আশ্বাস দেন। আর গত বৃহস্পতিবার যে পাঁচ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে তা দিয়ে আপাতত চালিয়ে নিতে বলেন। ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলেনা তেল পাম্পের সঙ্গে যোগাযোগ করে আবার অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
গতকাল প্রথম আলোয় ‘খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫ দিন ধরে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুলনা নগরের নতুন রাস্তা মোড়ে অবস্থিত এলেনা পেট্রল পাম্প থেকে জ্বালানি তেল নেয় হাসপাতাল। চলতি বছরের অক্টোবর পর্যন্ত হাসপাতালের কাছে ওই পাম্পের টাকা বকেয়া দাঁড়ায় ১৭ লাখেরও বেশি।