২৫ দিন পর স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।
নিরাপদ যাতায়াত নিশ্চিত ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৭ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য স্নাতক পর্যায়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খোলার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের ক্লাস হয়েছে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচিও ঘোষণা করা হয়।
এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমকে তাঁর দপ্তরে ফুলেল শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। সাধারণ শিক্ষার্থীরাও তাঁকে শুভেচ্ছা জানান।
মোহাম্মদ রফিকুল আলম প্রথম আলোকে বলেন, বন্ধের পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরে এসেছেন, এটা শুভ সংবাদ। তিনি আরও বলেন, চলমান পরীক্ষাগুলো শেষ হওয়ার পর বন্ধ থাকা সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।