২৫ দিনেই ৬ মামলায় জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়ার মাত্র ২৫ দিনের মধ্যেই জামিনে বেরিয়ে গেছেন ছয় মামলার আসামি ও চট্টগ্রামের গ্রিল কাটা চোর দলের অন্যতম এক সদস্য। গত বুধবার পাঁচলাইশ থানার একটি মামলায় সর্বশেষ জামিন মঞ্জুরের পর গতকাল শুক্রবার চট্টগ্রাম কারাগার থেকে এই আসামি মুক্তি পান।চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে বেশির ভাগ মামলায় এই আসামির জামিন মঞ্জুর হয় বলে জানা গেছে। এতে পুলিশ কর্মকর্তারা অস্বস্তিতে আছেন। জামিনে মুক্তি পাওয়া আসামির নাম স্টিভ গঞ্জালবিস। তিনি নগরের জামালখান এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের সবাই শিক্ষিত হলেও স্টিভ পেশায় গ্রিল কাটা চোর দলের অন্যতম সদস্য। গত ১৯ আগস্ট নগরের সিআরবি এলাকায় চোরাই মালামালসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মালামালের তিনজন মালিক পাওয়া গেছে। তিনজনই থানায় সুনির্দিষ্ট অভিযোগে স্টিভের বিরুদ্ধে মামলাও করেন।পুলিশ সূত্র জানায়, ১৯ আগস্ট গ্রেপ্তার হওয়ার সময় স্টিভের কাছ থেকে দুটি ল্যাপটপ, সাতটি মুঠোফোন, একটি সনি এমপি প্লেয়ার এবং একটি হাতঘড়ি পাওয়া গেছে। চোরাই একটি প্রাইভেট কারে চড়ে স্টিভ এই চোরাই মালামাল নগরের রেয়াজউদ্দিন বাজারে বিক্রি করতে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন। পুলিশ সূত্র আরও জানায়, তিনটি মামলায় স্টিভকে পৃথকভাবে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতে রিমান্ড মঞ্জুর তো হয়নি, বরং দ্রুত সময়ে তাঁর জামিন মঞ্জুর হওয়ায় পুলিশ কর্মকর্তারা হতাশা ব্যক্ত করেছেন। তবে একটি মামলার রিমান্ড শুনানির দিন ধার্য আছে আগামী ৪ অক্টোবর। এর আগেই জামিন মঞ্জুর হয় স্টিভের।নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘চোরাই মালামালসহ স্টিভ গনজালবিসকে আমি গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে উদ্ধার হওয়া মালামালের তিনজন মালিক পাওয়া গেছে। এরপর আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। আসামির রিমান্ডও চাওয়া হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করেননি। বরং দ্রুত সময়ের মধ্যে জামিন মঞ্জুর করেছেন। এতে এই আসামি আবার বড় ধরনের গ্রিল কাটা চুরির ঘটনায় জড়িয়ে পড়বে বলে আমাদের আশঙ্কা।’সন্তোষ চাকমা আরও বলেন, ‘গত বছর নগরের জামালখান এলাকায় এক বিচারকের বাসায় চুরির ঘটনায় স্টিভ গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছিল। আমরা বারবার গ্রেপ্তার করব, আর দ্রুত সময়ের মধ্যে এই আসামি জামিন পেলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তখন দায় চাপানো হবে পুলিশের ওপর।’খোঁজ নিয়ে জানা গেছে, নগরের ফাঁকা বাসাবাড়ির পেছনের দিকে গ্রিল কেটে একদল চোর মূল্যবান মালামাল চুরি করে। চোরাই মালামালের স্বর্ণালংকার নিয়ে যায় স্টিভের দলের সর্দার। কাপড় বিক্রি করে দলের আরেক চোর। আর ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করেন স্টিভ নিজেই। চোরাই মালামাল পরিবহনের জন্য একটি চোরাই প্রাইভেট কার ব্যবহার করেন স্টিভ। প্রাইভেট কারটি ১৯ আগস্ট জব্দ করা হলেও পুলিশ এর আসল মালিক এখনো খুঁজে পায়নি। স্টিভ গ্রেপ্তার হওয়ার পর একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে এক তরুণী পুলিশের ওপর প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্টিভ চোর দলের সদস্য নন বলে ওই তরুণী প্রচারণায় নামেন। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আহম্মেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘স্টিভ গ্রেপ্তার হওয়ার পর একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে এক তরুণী এসআই সন্তোষ চাকমাকে হুমকি দেন। এই তরুণী পুলিশ ছাড়াও বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার ও তদবির করেন বলে আমরা খবর পেয়েছি। বিষয়টির ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ভাবছি আমরা। প্রয়োজনে ওই তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’