বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু হত্যার রহস্য উদ্ঘাটনে ঘটনার ২৫ দিনেও পুলিশ কোনো কূলকিনারা করতে পারেনি। হত্যাকারীদের পায়ের ছাপ ও এজাহারে উল্লিখিত সন্দেহভাজন গ্রেপ্তার তিন ব্যক্তির পায়ের ছাপেরও মিল খুঁজে পাওয়া যায়নি বলে গতকাল মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
নাইক্ষ্যংছড়ির চাক নেতারা ও খুন হওয়া ভিক্ষু পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করে বলেছেন, তদন্তে কোনো কূলকিনারা করতে না পেরে পুলিশ এখন পাড়াবাসীকে তথ্য দিতে বলছে।
পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এখনো প্রকাশ করার মতো কোনো কিছু পাওয়া যায়নি। ঘটনা তদন্তে তাঁদের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সহযোগিতা করছে। কয়েক দিনের মধ্যে তাঁরা হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারবেন বলে আশা করছেন। জঙ্গিগোষ্ঠী আইএসের হত্যার দায় স্বীকারের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা পরিষদের সদস্য কেওচিং চাক, জনসংহতি সমিতির ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাকসহ চাক সম্প্রদায়ের নেতারা বলেছেন, পুলিশ যে ধীরগতিতে তদন্ত করছে, এতে খুব শিগগির হত্যার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার করা কঠিন হবে। তারা সনাতন পদ্ধতিতে পাড়াবাসীর কাছে তথ্য চেয়ে ও জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।
খুন হওয়া বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যার (ভিক্ষু হওয়ার আগে নাম ছিল মংশৈউ চাক) ছেলে অংসাথুই চাক বলেন, এজাহারের সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার ছাড়া পুলিশের তদন্তে কী হচ্ছে তাঁরা জানেন না। মাঝে মঝে পুলিশ পাড়ায় এসে এটা-সেটা জানতে চায়, আর গোপন তথ্য থাকলে জানাতে বলে।
ঘটনার তদন্তে নিয়োজিত লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-মাহমুদ হাসান বলেন, ‘সত্যি বলতে, বৌদ্ধ ভিক্ষু হত্যার তদন্তে আমরা এখনো অন্ধকারে রয়েছি। আমরা রোহিঙ্গা-সংশ্লিষ্টতা, জঙ্গি হামলা, বৌদ্ধ বিহারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভূমিসংক্রান্ত জটিলতাসহ সম্ভাব্য সবকিছু মাথায় রেখে তদন্ত করছি।’
গত ১৩ মে রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের দুর্গম মধ্যম চাকপাড়া ভাবনা বিহারে বৌদ্ধ ভিক্ষু উ গাইন্দ্যাকে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ দুই রোহিঙ্গা ও এক চাককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি এবং তাঁদের পায়ের ছাপের সঙ্গে খুনিদের পায়ের ছাপও মিলছে না বলে এএসপি আল-মাহমুদ হাসান জানান।