২৫ পণ্যে বিএসটিআইয়ের সনদে ভারতের সম্মতি
বাংলাদেশের পণ্যমান নিয়ন্ত্রণকারী সংস্থার (বিএসটিআই) সনদে ২৫টি পণ্য ভারতে রপ্তানি করা যাবে। গতকাল রোববার দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে ভারত এতে সম্মত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও ভারতের বাণিজ্যসচিব রাজীব খের এ বিষয়ে বিশদ কিছু জানাননি। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজকুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে।’ আর রাজীব খের বলেন, ‘বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর ও বেগবান করতে আমরা একমত হয়েছি।’
বৈঠকের পর মনোজকুমার রায় জানান, বাংলাদেশি অন্তত ২৫টি পণ্য রপ্তানিতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ করতে রাজি হয়েছে ভারত। বাংলাদেশি পণ্য রপ্তানিতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ করতে ভারতের কাছে দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২৫ পণ্যের মধ্যে দুগ্ধজাত ও খাদ্যপণ্যই বেশি। গত এপ্রিলে মন্ত্রিসভা বাংলাদেশ-ভারত সংশোধিত বাণিজ্য চুক্তির যে খসড়া অনুমোদন করেছে, তা নিয়েও গতকালের দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে।
এ বিষয়ে মনোজকুমার রায় জানান, আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঢাকা সফরে আসবেন, তখন সই হবে এই বাণিজ্য চুক্তি।
ভারত থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ তুলা আমদানি করে। কিন্তু বিনা নোটিশে ভারত তা প্রায়ই বন্ধ করে দেয়। এটি না করতে ভারতের প্রতি অনুরোধ জানানো হয় বৈঠকে। বৈঠক সূত্রে জানা গেছে, এ বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে।
এদিকে বাংলাদেশে ডেইরি ফার্ম করার আগ্রহের কথা জানিয়েছে ভারত। সূত্র জানায়, ঢাকার পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরে মত দেওয়া হবে।